২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমন্ডিতে ৬ তলা থেকে লাফিয়ে পড়ে এক গৃহকর্মী নিহত, অপরজন আহত

গৃহকর্ত্রীর প্রতিনিয়ত নির্মম নির্যাতন সইতে না পেরে ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছে ১৪ বছর বয়সী গৃহকর্মী মনিমালা, একই ঘটনায় পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ১০ বছরের আরেক গৃহকর্মী মাধবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 02:02 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

গৃহকর্ত্রীর নির্মমতায় ক্ষত-বিক্ষত মাধবী রোববার ভোরে ছাদ থেকে লাফিয়ে পড়ার পর হাসপাতালের বিছানায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে বিডিনিউজ২৪.কমকে জানায়, পান থেকে চুন খসলেই তাদের ওপর বিভিন্নরকম নির্যাতন করা হতো। গৃহকর্ত্রী প্রতিদিন তাদের তালাবন্ধ করে বাইরে যেতেন। এ কারণেই নির্যাতনের মুখে ইচ্ছা হলেও পালাতে পারেনি। শেষপর্যন্ত অতীষ্ঠ হয়েই তারা দুজনে লাফ দিয়ে পড়ে পালানোর সিদ্ধান্ত নিয়েছিল।

ঘটনাটি ঘটেছে রাজধানীর অভিজাত আবাসিক এলাকা ধানমন্ডির একটি ফ্ল্যাটে। এ ঘটনায় গৃহকর্ত্রী কল্পনা মজুমদার ও তার স্বামী সুনীল মজুমদারকে ধানমন্ডি থানা পুলিশ গ্রেফতার করেছে।

সুনীল মজুমদার ইস্টার্ন ব্যাংকের একজন সহ-সভাপতি। তার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার রাঘদি ইউনিয়নের শশীকান্দি গ্রামে। তার স্ত্রী কল্পনা মজুমদারের বাবার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুরে।  

এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ১০/এ রোডের ৪৬ নম্বরের ওই বাড়িটিতে ভাংচুর চালায় এবং বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

জানা গেছে, নিহত মনিমালা ও আহত মাধবী ছাড়া ওই বাড়িতে মুক্তি নামে ১০ বছর বয়সী আরো একটি কাজের মেয়ে রয়েছে। নিহত মণিমালার বাড়ি নীলফামারি জেলায় এবং আহত মাধবীর বাড়ি রংপুর জেলায়। তারা সবাই দালালদের মাধ্যমে ওই বাড়িতে কাজ পায়।

গৃহকর্ত্রীকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, মনিমালার মৃত্যু ও মাধবীর আহত হওয়ার ব্যাপারে তারা কিছুই জানতেন না। ওই বাড়ির কেয়ারটেকার সাইফুলের মাধ্যমে তারা ঘটনাটি জানতে পারেন।

তবে এ ঘটনায় হতভম্ব অপর কাজের মেয়ে মুক্তি দুইরকম তথ্য দিয়েছে। সে একবার বলেছে, গৃহকর্ত্রীই ওই দুজনকে ফেলে দিয়েছে। আবার বলে যে, মনিমালা ও মাধবী নিজেই পড়ে গেছে।

কেয়ারটেকার সাইফুল জানান, সিকিউরিটি গার্ড ইসমাইলের কাছ থেকে তিনি জানতে পারেন যে দুটি মেয়ে ওপর থেকে পড়ে গেছে।

সিকিউরিটি গার্ড ইসমাইল জানান,  ওপর থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনে তিনি দৌড়ে গিয়ে মনিমালাকে মৃত এবং মাধবীকে আহত অবস্থায় উদ্ধার করেন।

ধানমন্ডি পুলিশ জানায়, তারা বিষয়টি তদন্ত করে দেখছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।