২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সলিমুল্লাহ মেডিকেলের ৩০০ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ৩০০ শিক্ষার্থীকে একযোগে শাস্তি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে প্রথম বর্ষের প্রতি ছাত্র-ছাত্রীকে ৫০০ টাকা ও দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রীকে ৬০০ টাকা করে জরিমানা করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 08:04 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

অন্যদিকে কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের বিরোধিতা করে ছাত্র-ছাত্রীরা শনিবার কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে।

ক্যাম্পাস সূত্র জানায়, পরীক্ষা শেষে প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রীরা একযোগে পাঁচদিনের অনির্ধারিত ছুটি কাটানোর ফলে কর্তৃপক্ষ বৃহষ্পতিবার শাস্তিমূলক এই ব্যবস্থা নেয়।

কলেজ ক্যাম্পাস সূত্র জানায় ছাত্র-ছাত্রীদের অনেকে জরিমানার টাকা পরিশোধ করেছে। তবে অনেক অভিভাবক এর প্রতিবাদ করে ছাত্র-ছাত্রীদের সাথে বিক্ষোভে অংশ নেন।

কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ বিডিনিউজ এর সাথে আলাপকালে জানান যে শৃংখলা ভঙ্গের অভিযোগে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। শুধু তাই নয়, বন্ড সই দেয়ার জন্য তাদের অভিভাবকদেরও তলব করা হয়েছে যাতে ভবিষ্যতে আর এধরনের ঘটনার পুণরাবৃত্তি না হয়।

অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ  আরো জানান যে কমপক্ষে ৫০ জন ছাত্র-ছাত্রী তাদের জরিমানা ইতমধ্যে পরিশোধ করেছে। তবে প্রত্যেককে অবশ্যই জরিমানার টাকা দিতে হবে।