চলে গেলেন শিল্পী নিতুন কুণ্ডু
দেশবরেণ্য শিল্পী এবং আধুনিক ফার্নিচারের প্রতিষ্ঠান ‘অটবি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নিতুন কুণ্ডু আর নেই। ঢাকার বারডেম হাসপাতালে শুক্রবার সকাল ৭ টা ৫৫ মিনিটে তিনি মারা যান।
তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তাঁর মৃত্যুর খবরে শিল্প অঙ্গণে নেমে আসে গভীর শোকের ছায়া।
মুক্তিযোদ্ধা শিল্পী নিতুন কুণ্ডুকে গত কয়েকদিন ধরে আশঙ্কাজনক অবস্থায় ইব্রাহিম মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের করনারী কেয়ার ইউনিটে কৃত্রিম শ্বাস - প্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছিল। তিনি বেশ কিছুদিন ধরে হৃদরোগ ও কিডনীর অসুখে ভূগছিলেন।
চিকিৎসকরা জানান, মঙ্গলবার বিকালে শ্যামপুরে নিজের গড়ে তোলা প্রতিষ্ঠান ‘অটবি’র কারখানায় কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সংজ্ঞা হারিয়ে ফেললে শিল্পীকে বারডেমে নিয়ে আসা হয়। এর আগের দিন সোমবার মালয়েশিয়া থেকে দেশে ফেরার পথে তিনি বুকে ব্যথা অনুভব করেন।
১৯৯৩ সালে প্রথম হার্ট অ্যাটাকের পর তার বাইপাস সার্জারি করা হয়।
শিল্পীর মরদেহ বারডেমের হিমাগারে রাখা হয়েছে। সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানানোর জন্য শিল্পী মরদেহ শনিবার সকাল ১০ টায় চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে ও ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপরে তার লাশ সৎকারের জন্য নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়িতে।
নিতুন কুণ্ডু ১৯৩৫ সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে পেইন্টিং বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে বিএফএ উত্তীর্ণ হন। চিত্রকর হয়েও তিনি ভাস্কর হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ‘সাবাশ বাংলাদেশ’, ঢাকার সোনারগাঁও হোটেলের সামনের ‘সার্ক ফোয়ারা’, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোড়ে ‘কদমফুল ফোয়ারা’, চট্টগ্রাম বিমনবন্দরের সামনে ‘সাম্পান’ তার উল্লেখযোগ্য শিল্পকর্ম।
