২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ভিজিএফ কার্ডধারীদের কাছ থেকে চাঁদা আদায়

জেলার সদর উপজেলার হলোখানা ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরণকালে দুঃস্থদের কাছ থেকে চৌকিদারী ট্যাক্সের নামে ২০/২৫ টাকা করে চাঁদা আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 02:00 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

স্থানীয়রা অভিযোগ করেন, কার্ড বিতরণের আগে নিয়োজিত সেনা সদস্যদের অগোচরে চৌকিদাররা বাড়ি বাড়ি গিয়ে গোপনে এই টাকা আদায় করে। কর নির্ধারনী তালিকায় যাদের নাম নেই তাদের কাছ থেকেও গণহারে এই টাকা আদায় করা হয়েছে।

এই ইউনিয়নে এ বছর আড়াই হাজার দুঃস্থকে ভিজিএফ কার্ড দেয়া হয়। তাদের বেশির ভাগের নামই কর নির্ধারণী তালিকায় নেই। যাদের নাম আছে তাদের বার্ষিক চৌকিদারী ট্যাক্স ৫--১০ টাকা।

সন্ন্যাসী গ্রামের সুরতজানের মতো ভিক্ষুকের কাছ থেকেও ২০ টাকা আদায় করা হয়েছে।

 এলাকার মেম্বার গোলজার হোসেন মন্ডল বিডিনিউজকে জানান, তার ওয়ার্ডে ২৯০ জন দুঃস্থের মধ্যে ২শ’ জনের কাছ থেকে এই ট্যাক্স আদায় করা হয়েছে। তবে রসিদে দেখানো হয়েছে দুই বছরের ট্যাক্স ।

কার্ডধারীরা অভিযোগ করেন, গত বছরও ভিজিএফ কার্ড দেয়ার সময় তাদের কাছ থেকে ২০ টাকা করে আদায় করা হয়েছিল।

এ ব্যাপারে হলোখানা ইউপির চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক চৌকিদারী ট্যাক্স আদায়ের কথা স্বীকার করে বিডিনিউজকে জানান, আদায় করা টাকা দিয়ে চৌকিদার দফাদারদের বেতন দেয়া হয়েছে।