ভারতের কারাগারে ৯ মাস আটকে থাকার পর দেশে ফিরেছে ১৩ জেলে
প্রতিবেশী দেশ ভারতের কারাগারে দীর্ঘ প্রায় ৯ মাস আটক থাকার পর কক্সবাজারের ১৩ জেলে দেশে এসে পৌছেছেন।
মঙ্গলবার সকালে তারা কক্সবাজার এসে পৌছান। দীর্ঘ সময় পর তাদের ফিরে পেয়ে মহেশখালীর জেলে পল্লীতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কারণ ওই জেলেদের প্রতিটি পরিবারই ধারণা করেছিল তারা মারা গেছেন।
সূত্র জানায়, ২০০৫ সালের ২৯ নভেম্বর মহেশখালীর পুটিবিলা গ্রামের শাহ এমরানুল ইসলামের মালিকানাধীন এফ.বি আমির খসরু নামের একটি ফিশিং ট্রলার নিয়ে ১৩ জন জেলে সাগরে মাছ ধরতে যান। পরদিন ট্রলারটি গভীর সাগরে জলদস্যুদের কবলে পড়ে। জলদস্যুরা জেলেদের মারধর করে ট্রলারের জাল, মাছ, রসদপত্র ও ইঞ্জিনের গিয়ারবক্স— খুলে নিয়ে যায়। অসহায় ১৩ জেলে একটানা ১৪ দিন সাগরে ভাসতে ভাসতে একসময় ভারতের চেন্নাই সীমান্তে পৌছে যান। তখন চেন্নাইয়ের একটি ফিশিং ট্রলার তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে পুলিশ তাদের চেন্নাই কারাগারে নিয়ে যায়।
কক্সবাজারে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের কর্মকর্তা নুরুল আলম জানান, চেন্নাইয়ের একটি মানবাধিকার সংস্থা ওই ঘটনা জানতে পেরে ভারতে বাংলাদেশী দূতাবাসকে বিষয়টি জানায়। দূতাবাস আবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানালে মন্ত্রণালয় প্রায় ৩ মাস আগে কক্সবাজারের মহেশখালীতে ট্রলারের মালিক এমরানুল ইসলামকেকে বিষয়টি জানায়। এমরানুল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে ভারতে গিয়ে তদবির শুরু করেন। প্রায় ৩ মাস তৎপরতা চালানোর পর তিনি সফল হন। এরই ধারাবাহিকতায় ১৩ জেলে চেন্নাই কারাগার থেকে মুক্তি পেয়ে ১১ সেপ্টেম্বর বেনাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে ফিরে আসেন।
দেশে ফিরে আসা জেলেরা হলো নজরুল ইসলাম (৩৮), শরিফুল ইসলাম (৩১), শফিউল আলম (৪০), রহিম বাদশা (৪২), জাফর আলম (৪৮), আবদুস সালাম (৫৪), জাফর আলম (৩৪), আওলাদ মিয়া (৪২), আবদুল খালেক (৩১), নুরুল ইসলাম (৪০), ফোরকান আহমদ (৩২), কালামিয়া (২৮) ও শামসু মিয়া (২৯)।
দেশে ফেরা জেলে শরিফুল ইসলাম বলেন, ডাকাতের কবলে পড়ার পর কোন রকম খাদ্য ছাড়াই তারা একটানা ১৪ দিন সাগরে ভেসে ছিলেন । খাবার না থাকায় জেলেরা বাধ্য হয়ে ট্রলারের কাঠ পর্যন্ত টুকরো টুকরো করে চিবিয়ে খেয়েছে।
