সংবিধান অনুযায়ী অক্টোবর মাসে তত্ত্বাবধায়ক সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, সংবিধান অনুযায়ী আমরা অক্টোবর মাসে তত্ত্বাবধায়ক সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করবো। বিরোধী দলের আন্দোলন ও বিশৃঙ্খলা সৃষ্টি করার কোন প্রয়োজন নেই। তারা আসলে ভোট চায় না। চায় লাশের রাজনীতি। চায় গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করতে।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে সদর থানা ও পৌর বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় তিনি একথা বলেন।
সদর থানা বিএনপির সভানেত্রী এ্যাড. আসিফা আশরাফি পাপিয়ার সভাপতিত্বে জনসভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হক, যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান, সংস্কৃতিক প্রতিমন্ত্রী বেগর সেলিমা রহমান, রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু, জেলা বিএনপি সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ - ১ আসনের সাংসদ অধ্যাপক শাহাজাহান মিয়া, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সদর আসনের সাংসদ হারুনুর রশিদ এমপি ও নওগাঁর সাংসদ শামসুজ্জোহা প্রমুখ।
এর আগে তিনি জেলা শিল্পকলা একাডেমির নতুন ভবন, সদর হাসপাতালকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ, বিদ্যুত উন্নয়ন ও সম্প্রসারণ এবং ক্যাপাসিটর ব্যাংক ও শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকের উদ্বোধন এবং পলিটেকনিক ইনস্টিটিউট ও জেলা স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জনসভায় প্রধানমন্ত্রী আরো বলেন, সারাদেশে যখন উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে তখন বিরোধী দল ধ্বংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে। তাদের আন্দোলনে জনসমর্থন না পেয়ে ধ্বংসাত্মক রাজনীতিতে মেতে উঠেছে। মঙ্গলবার তারা ঢাকাতে বিভিন্ন ভবন-রাস্তায় ভাঙচুর করেছে। পুলিশ কিছু করেনি। যখন পুলিশের উপর আক্রমণ হয়েছে তখন পুলিশ তাদের নিবৃত্ত করেছে। যে দলের নেতা পুলিশ হত্যার নির্দেশ দেয় সে দল কি করে গণতান্ত্রিক রাজনীতি করবে। তারা সংসদে অশ্লীল ভাষায় কথা বলে। স্পীকারকে মারতে যায়, গালি দেয়। তারা নিয়মতান্ত্রিকভাবে ভোটে অংশগ্রহণ করতে চায় না। ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চায়। কিন্তু ষড়যন্ত্র করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
তিনি আরো বলেন, আলোচনার জন্য আমাদের দল বার বার আহ্বান জানাচ্ছে। কিন্তু তারা সেই আহ্বানে সাড়া না দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তিনি বিরোধী দলকে ধ্বংসাত্মক রাজনীতি ছেড়ে আলোচনায় আসার আহ্বান জানান।
তিনি চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমস্যা পদ্মার ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে প্রতিশ্র“তি দেন। এ ছাড়াও জনসভায় তিনি সদর আসনের সাংসদ হারুনুর রশিদের হাতে ধানের শীষ তুলে দিয়ে আগামী নির্বাচনে তাকে পুনরায় নির্বাচিত করার জন্য আহ্বান জানান।
