বাধ্য হয়েই পুলিশ আ. লীগ সাংসদদের লাঠিপেটা করে: বাবর
প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাওকালে আওয়ামী লীগ সাংসদদের হামলার পর পুলিশের সাফাই গেয়ে বুধবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, বিরোধীদলের উস্কানীর মুখে পুলিশ বাধ্য হয়ে মারমূখী হয়েছিল।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দলের আক্রমণের মুখে উদ্ভুত পরিস্থিতিতে মারমুখী না হয়ে পুলিশের আর কোন পথ ছিল না। এ ছাড়া বিরোধী দলের উপর্যুপুরি আক্রমণের কারণে একপর্যায়ে পুলিশও উত্তেজিত হয়ে পড়ে বলে প্রতিমন্ত্রী স্বীকার করেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অবশ্য আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিম ও সাংসদ আসাদুজ্জামান নূরকে আহত করার ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও কর্মসূচীকালে আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ও সাংসদ আসাদুজ্জামান নূরসহ কমপক্ষে ১৫০ জন পুলিশী হামলায় আহত হন।
সাংবাদিকদের সাথে আলাপকালে বাবর বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচীকালে আওয়ামী লীগ নেতা-কর্মীরা ব্যাগ ভর্তি করে ইট-পাটকেল, বোমা ও লাঠি-সোটা নিয়ে পুলিশের উপর আক্রমণ চালায়।
পাশাপাশি গত দেড় মাসে বিরোধীদলের হামলায় দুই পুলিশ নিহত হয়েছে। মহিলা পুলিশকে লাঞ্ছিত করার কারণে পুলিশও খুব ক্ষুব্ধ হয়ে আছে বলে বাবর জানান।
তিনি আরো জানান, পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীদলের নেতা-কর্মীরা আইন অমান্য করেছে। এ ছাড়া আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখার জন্য তারা বাধ্য হয়েই লাঠিচার্জ করে।
