২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থীকে ডীনস অব অ্যাওয়ার্ড প্রদান

শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ দেওয়া এবং তাদের মেধার স্বীকৃতি প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ প্রথমবারের মতো মেধাবী ১৩ জন শিক্ষার্থীকে ‘ডীনস্ অ্যাওয়ার্ড’ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 06:03 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র - শিক্ষক মিলনায়তনে বৃহস্পতিবার এ উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষক - শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. হারুন - অর - রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগের প্রধান নিজস্ব বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন।

অনুষদের বিভিন্ন বিভাগের ২০০৩ এবং ২০০৪ সালে অনার্স সম্মানে প্রথম শ্রেণীতে প্রথম এবং মাস্টার্সে সিজিপিএ - ৪ পাওয়া ১৩ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন অধ্যাপক এসএমএ ফায়েজ এবং অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান।

অভিভাবকের বক্তব্যে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন বলেন, বাবা - মা সন্তান জন্ম দিয়ে তাদের লালন - পালনের দায়িত্ব পালন করেন। কিন্তু তাদের সৃজনশীল এবং সুস্থ - সুন্দর পথে বিকশিত করার দায়িত্ব পালন করেন শিক্ষকরা। তাই সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতিত্বের অংশীদার তাদের শিক্ষকরাও। 

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পরচর্চা না করে অন্যের অর্জনকে স্বীকৃতি দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ করেছে সামাজিক বিজ্ঞান অনুষদ। এ সংবর্ধনা শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে। তিনি আরো বলেন, শুধুমাত্র ডিগ্রী অর্জন নয়, সাংস্কৃতিকভাবেও বিকশিত হয়ে শিক্ষার্থীদের তথ্য এবং প্রযুক্তিগতভাবে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে।

অধ্যাপক এসএমএ ফায়েজ বলেন, দেশের স্বার্থেই শিক্ষকদের কনসালটেন্সি করতে হবে। কারণ যে শিক্ষকরা শিক্ষার্থীদের জ্ঞান দান করেন তাদের অবশ্যই গবেষণার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হয়। বিশ্ববিদ্যালয়ে টিকে থাকতে হলে সর্বোচ্চ মেধা এবং সৃষ্টিশীলতার সমন্বয় করতে হবে।

সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থী মাশফিকুর রহমান খান শিক্ষার্থীদের আরো ভালো ফলাফল করার জন্য এ সংবর্ধনা উৎসাহ দেবে বলে আশা প্রকাশ করেন। তিনি এ সংবর্ধনা অব্যাহত রাখার অনুরোধ জানান।              

সংবর্ধনা পান ২০০৩ সালের অর্থনীতি বিভাগের মাশফিকুর রহমান খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নীলয় রঞ্জন বিশ্বাস, সমাজবিজ্ঞান বিভাগের ফারহিদা ইসলাম, লোক প্রশাসন বিভাগের আসিফ মোহাম্মদ সাহান এবং নৃবিজ্ঞান বিভাগের ইশরাত জাহান।

২০০৪ সালের অর্থনীতি বিভাগের মীর নাহিদ মাহমুদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আবু সাঈদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কাজলী শেহরীন ইসলাম, লোক প্রশাসন বিভাগের মোহাম্মদ আশরাফুল হক, নৃ-বিজ্ঞান বিভাগের সাঈদ আরমান হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের লিপন কুমার মন্ডল, শান্তি ও সংঘর্ষ বিভাগের মোহাম্মদ আব্দুস সালাম এবং মাস্টার্সে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন সম্মাননা পান।