মধ্যরাতের আতঙ্কে হাসপাতাল ছেড়ে রাস্তায়
সময় রাত পৌণে দুইটা। সাত মসজিদ রোডের ইডেন মাল্টিকেয়ার হাসপাতালটিতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে ধোঁয়া উঠতে শুরু করলো। আতঙ্কিত রোগী ও তার আত্মীয় স্বজনরা বাইরে আসতে শুরু করলেন।
আক্ষরিক অর্থেই জীবন হাতে নিয়ে ছয় তলা সিঁড়ি বেয়ে হাসপাতালের বাইরে আসা ৭০ জন রোগীর মধ্যে ছিলেন শল্য চিকিৎসকের টেবিল থেকে উঠে আসা রোগী, ছিলেন হাতে বা পায়ে স্যালাইনের সূঁচ নিয়ে গুরুতর অসুস্থ নানা বয়সী নারী-পুরুষও।
দায়িত্বরত সেবিকা বিডিনিউজকে বললেন, ওয়ার্ড বয় এবং সেবিকারা রোগীদের নামতে সাহায্য করেছেন।
অসুস্থ ভাই শরীফুল আজমকে নিয়ে পাশে দাঁড়ানো নাজমুল হুদা অবশ্য বললেন অন্য কথা। ‘প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকা রোগীদের সাহায্যের জন্য একজনও ছিল না’। আর সাত তলায় আজমের ৬১৫ নম্বর কেবিনটি ছিল আগুনের উৎস থেকে মাত্র কয়েক মিটার দূরে। পুরো ছয় তলাই সেসময় ধোঁয়ায় ঢেকে গিয়েছিলো। রোগীদের কোনোমতে পাঁচ তলায় ফিরিয়ে নেওয়ার ১০ মিনিট পর দমকল বাহিনী আসে।
অসুস্থ রোগীদের কয়েকজন সিঁড়ি বেয়ে উপরে উঠতে অস্বীকৃতি বা অপারগতা জানিয়েছিলেন। ব্যথায় কাতরাতে থাকা একজন রোগী এক আত্মীয়ের সাহায্য নিয়ে ওই মুহুর্তেই হাসপাতাল ছেড়ে চলে যান।
রাত দুপুরে রোগীদের কক্ষে ফিরে যাওয়া কতোটা নিরাপদ-এ প্রশ্নের জবাব দেওয়ার মত যথাযথ কোনো কর্তৃপক্ষ সেসময় সেখানে ছিলো না। হাসপাতালেরই একজন ওয়ার্ডবয় এম ইকবাল হোসেন জানালেন, ব্যবস্থাপক আবুল হোসেনই তাকে ফিরে যেতে বলেছেন। ইকবাল পরে অবশ্য নিজেকে শুধরে নিয়ে বলেন, ব্যবস্থাপক নয়, আবুল হোসেনের পদবি তত্ত্বাবধায়ক।
একটু দূরেই ৪৮ বছরের প্রৌঢ় কামরুল হাসানের শুশ্র“ষা করছিলেন অসুস্থ আবদুল হালিম। চারতলার অপারেটিং থিয়েটার থেকে মাত্র কয়েক ঘন্টা আগেই বেরিয়ে এসেছেন কামরুল হাসান।
হালিম অবশ্য ভাগ্যকে ধন্যবাদ দিলেন এই বলে যে, পায়ের তলায় পিষ্ট হয়ে আর কোনো অঘটন ঘটেনি। বর্ণনায় তিনি বলেন, ঘটনার পর সত্তর বা আশি বছরের একজন বৃদ্ধ ধীর পায়ে নেমে এসেছেন। আতঙ্ক ছড়ায় এমন কিছু করা থেকে বিরত থেকে প্রচণ্ড ব্যথা নিয়েও তিনি নিশ্চুপ ছিলেন।
হালিম জানালেন, ঘটনার অনেকক্ষণ পরে বৈদ্যুতিক মিস্ত্রী ঘটনাস্থলে আসেন। রোগীর সংখ্যা নিয়ে নানারকম তথ্য পাওয়া গেছে। তত্ত্বাবধায়ক আবুল হোসেন জানান, ৩৭ জন রোগী এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো, যার ১১ জনই মাত্র কয়েক ঘন্টা আগে শল্যচিকিৎসার মধ্য দিয়ে গেছেন।
দমকলকর্মী শহীদুল আলম বললেন, এতো বড় ভবনে মাত্র দুটি অগ্নিনির্বাপক যন্ত্র রয়েছে। প্রসঙ্গত ভবনটির প্রথম তিন তলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। অবশ্য তত্ত্বাবধায়ক আবুল বললেন, এ ভবনে অন্তত চারটি অগ্নি নির্বাপক আছে।
সরেজমিন নিরীক্ষণ করে দেখা গেলো চারটি নির্বাপক যন্ত্র থাকলেও যন্ত্রগুলো কীভাবে চালাতে হয় তা কেউ জানে না। বুধবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও অভ্যর্থনাকারী ছাড়া আর কাউকে মেলেনি।
