রাজশাহীতে দীর্ঘ প্রতীক্ষিত গ্যাস সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুধবার রাজশাহী সফরকালে রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত পাইপলাইনে গ্যাস সরবারাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
আর এর মধ্য দিয়ে রাজশাহীবাসীর দীর্ঘদিনের আন্দোলনের অবসান হবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে শুরু হবে প্রকল্প বাস্তবায়নের কাজ।
এ ছাড়াও রাজশাহী সফরকালে প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ভবন, রুয়েট শহীদ জিয়াউর রহমান ছাত্রাবাস ও রাজশাহী রেলওয়ে স্টেশনের রি - মডেলিংকৃত ভবনগুলোর উদ্বোধন করবেন। এ সব প্রকল্পে মোট ব্যয় হবে ১ হাজার ৬০০ কোটি টাকা।
এদিকে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে নগরী নতুন সাজে সেজেছে। তোরণে তোরণে ছেয়ে গেছে নগরীর প্রতিটি এলাকা। এদিকে বিডিনিউজ এদিকে চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী একইদিন চাঁপাইনবাবগঞ্জও সফর করবেন।
এখানে তিনি ছয়টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং পরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রী মহানন্দা ব্রীজের দক্ষিণ পাড়ে ২ কোটি ৪৫ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে জেলা শিল্পকলা একাডেমির নতুন ভবন, হরিপুরে ২৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ উন্নয়ন ও সম্প্রসারণ, সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ক্যাপাসিটর ব্যাংক, ৪ কোটি ৮৮ লাখ ৩২ হাজার ৬৬০ টাকা ব্যয়ে সদর হাসপাতাল ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ১১ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের উদ্বোধন করবেন।
এ ছাড়া তিনি রেহাইচরে ১২ কোটি ৫৩ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে স্টেডিয়াম ও সুইমিং পুল এবং বারঘরিয়ায় ২ কোটি ৭৮ হাজার ৩৭৩ টাকা ব্যয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুরো এলাকায়।
