এনডিআই এর বক্তব্যের জন্য রাজনৈতিক দলগুলোই দায়ী
সিইসির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এবং বিচারপতি কে এম হাসানকে স্বীকৃতি দিয়ে দেশে-বিদেশে আলোচিত ও সমালোচিত হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা এনডিআই। একইসঙ্গে এত গুরুত্ব দিয়ে বক্তব্য প্রচারের জন্য সমালোচিত হয়েছে গণমাধ্যমও। বিডিনিউজ২৪ডটকম এর বার্তা সম্পাদক খালেদ মুহিউদ্দীন এ প্রসঙ্গে কথা বলেছেন দেশের চার খ্যাতিমান নাগরিকের সঙ্গে।
দেশের বিশিষ্ট নাগরিকরা বলেছেন দুই প্রধান রাজনৈতিক দলের অদূরদর্শিতা এবং রাজনৈতিক দেউলিয়াত্বের কারণেই বিদেশী সংস্থাগুলো দেশের দুই প্রধান সাংবিধানিক সংস্থা সম্পর্কে অভিমত দেওয়ার সুযোগ পেয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের যোগ্যতা ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে বিচারপতি কে এম হাসানের গ্রহণযোগ্যতা নিয়ে খোলাখুলি মন্তব্য করার জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছে যুক্তরাষ্ট্র - ভিত্তিক প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা এনডিআই।
বাংলাদেশ সফরের শেষ পর্যায়ে সোমবার রাজধানীতে হোটেল র্যাডিসন ওয়াটার গার্ডেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনডিআই প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের যোগ্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছিলো। পাশাপাশি সংস্থাটি বিচারপতি কে এম হাসান সম্পর্কে বলেছিল যে কোনো রাজনৈতিক দলে কোনো এক সময় থাকলেই কারো নিরপেক্ষতা শেষ হয়ে যায় না।
বিডিনিউজ২৪ডটকম এর পক্ষ থেকে মঙ্গলবার এনডিআই এর মন্তব্য প্রসঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক মন্ত্রি পরিষদ বিভাগের সচিব মুজিবুল হক. গণমাধ্যম বিশেষজ্ঞ অধ্যাপক সাখাওয়াত আলী খান এবং আইন বিশেষজ্ঞ ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান রোকনউদ্দিন মাহমুদ এর সঙ্গে যোগাযোগ করা হয়।
দেশের চার বিশিষ্ট নাগরিকদের সবাই একমত যে, এনডিআই এর বক্তব্যের জন্য দুই প্রধান রাজনৈতিক দল বা জোটই দায়ী।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এনডিআই এর কড়া সমালাচনা করে বলেন, সংস্থাটি আর কোনো দেশেই এরকম বক্তব্য দিতে পারতো না। এটা সম্পূর্নভাবে সৌজন্য ও শিষ্টাচারের বাইরে। তবে এর জন্য প্রধান দুই রাজনৈতিক দলকে দায়ী করে তিনি বলেন, ‘আমরা বারবার দেখেছি যে, এদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদের সমর্থন পাওয়ার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছে’।
একই প্রসঙ্গে অধ্যাপক চৌধুরী আরো বলেন যে, ‘আমাদের রাজনীতিবিদরা এর মধ্যেই প্রমাণ করেছেন যে, একটি নির্বাচন পরিচালনা করার মত গ্রহণযোগ্য তারা নন। বারবার বিদেশীদের কাছে নির্বাচন নিয়ে জানতে চেয়ে তারা এখন প্রমাণ করছেন যে, বিদেশীদের আশীর্বাদ ও অনুমোদন ছাড়া এদেশে কিছুই সিদ্ধ হওয়ার নয়’।
সিরাজুল ইসলাম চৌধুরী অবশ্য এনডিআইকে এতো গুরুত্ব দেওয়ার জন্য গণমাধ্যমের ভূমিকাকেও কিছুটা দায়ী করেন। তিনি বলেন, ‘সংস্থাটি এতো গুরুত্বপূর্ণ কিছু নয় যে, তাদের মন্তব্য সবগুলো সংবাদ মাধ্যমের প্রধান জায়গা নিয়ে নেবে’।
গণমাধ্যমে এনডিআই এর ‘কাভারেজ’ প্রসঙ্গে গণমাধ্যম বিশেষজ্ঞ অধ্যাপক সাখাওয়াত আলী খান বলেন, আজকের প্রতিযোগিতামূলক দুনিয়ায় সংবাদ মাধ্যমগুলো কোনো খবর গুরুত্ব না দিয়ে ছেড়ে দিতে পারে না। তবে এক্ষেত্রে এনডিআই এর বক্তব্য ভালো কী খারাপ সেটা বিশ্লেষণের দায়িত্বও সংবাদ মাধ্যমেরই। অধ্যাপক খানও একমত যে, এনডিআইএর ‘গর্হিত’ বক্তব্যের জন্য রাজনৈতিক সংস্কৃতিই অনেকাংশে দায়ী।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব মুজিবুল হক অবশ্য পুরো বিষয়টিকে বিশ্বায়নের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে চান। তার মতে, বিশ্বায়নের বিবেচনায় অন্য কোনো দেশ বা গোষ্ঠীর এরকম উদ্বেগ এখন আর অস্বাভাবিক নয়। তবে বর্তমান রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে মুজিবুল হক বলেন, বিদেশী সাহায্য বা বিনিয়োগের উপর নির্ভরশীলতার কারণেই বিদেশী সংস্থাগুলো এরকম মন্তব্য করার সুযোগ পায়।
ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ অবশ্য বললেন, এনডিআই সরাসরি বিচারপতি হাসান বা বিচারপতি আজিজ সম্পর্কে কিছু বলেনি। আর আজকে যারা বিদেশী সংস্থা বলে এনডিআই এর সমালোচনা করছে-তাদের সকলেই তো এ সংস্থার সঙ্গে কথা বলেছেন। সিইসি নিজে এর সঙ্গে কথা বলে পরে মন্তব্য প্রসঙ্গে বলেছেন যে, এটা শিষ্টাচার বহির্ভুত হয়েছে, যা বিস্ময়কর।
ওয়াশিংটন-ভিত্তিক সংস্থা এনডিআই এর নেতৃত্ব দিচ্ছেন প্রভাবশালী মার্কিন সিনেটর টম ড্যাশেল। দলে আরো আছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী মাইক মুর, কম্বোডিয়ার নারী ও প্রবীণ বিষয়ক সাবেক মন্ত্রী মু সচুয়া, এনডিআই এশিয়ার উপপরিচালক টমাস ব্যারি, বাংলাদেশে এনডিআইয়ের আবাসিক প্রতিনিধি ওয়েন লিপার্ট এবং বাংলাদেশে এনডিআইয়ের সিনিয়র কর্মসূচি ব্যবস্থাপক ডেবোরাহ হিলি।
