বৃষ্টি আর যানজটে নাকাল নগরবাসী
রাজধানীতে সোমবার যানজটের শিকার অনেকেরই বৃষ্টিতে ভিজতে ভিজতে মনে হয়েছে, গন্তব্যে বুঝি আর পৌঁছানোই যাবে না। ভারী বর্ষণের ফলে সৃষ্ট এই জটে সোমবার ঢাকা শহরের জনজীবন প্রায় অচল হয়ে পড়ে। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয় স্কুলগামী শিশু আর অফিসগামী লোকজন।
দেশের প্রায় সব জেলায়ই সোমবার কমবেশি বৃষ্টিপাত হয়েছে। এ বছর সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল। সেদিক থেকে সোমবারের বৃষ্টিটা ছিল অনাকাঙ্খিত। সকালে ঘুম থেকে জেগেই অনাকাঙ্খিত বর্ষণের কবলে পড়তে হবে, তা অনেকেই ভাবেননি।
আবহাওয়া অফিস সোমবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রাজধানীতে ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ সম্পর্কে জানা যায়নি।
রাজধানীতে ভোর থেকে শুরু হয় তুমুল বৃষ্টি। অফিসগামী লোকজন এবং স্কুলগামী শিশু - কিশোর ও তাদের অভিভাবকরা ভারী বর্ষণের ফলে দারুণ সমস্যায় পড়েন। অবিরাম বৃষ্টিতে রাজধানীর নিচু জায়গাগুলো ভেসে যায় এবং শহরের নিচু এলাকাগুলোতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। আকস্মিক এ বর্ষনের পানি ধারনের জন্য প্রস্তুত ছিল না রাজধানীর জীর্ণশীর্ণ ড্রেনগুলো।
শাহবাগ, মগবাজার, মৌচাক, ফার্মগেট, মহাখালী, মিরপুর ১০, পল্টন, গুলশান এবং মতিঝিলের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পানি জমে যাওয়ায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে সেখানে দীর্ঘ জটের সৃষ্টি হয়। কয়েক ঘন্টা ধরে চলা এ যানজটের ফলে জনজীবনে যে ভোগান্তির সৃষ্টি হয় তাতে নতুন মাত্রা যোগ হয় ট্যাক্সিক্যাব ও রিক্সাচালকদের ভাড়া নিয়ে বাড়াবাড়ি।
কারওয়ান বাজারে তার অফিসের সামনে দাঁড়িয়ে পেট্রোবাংলার কর্মকর্তা জহিরুল আলম বলেন, ‘রিক্সায় এ পর্যন্ত আসতে ভাড়া দিতে হয়েছে দ্বিগুণ (৪০ টাকা) আর সময় গেছে তিনগুণ।’
আইইউবিতে পড়ছে নয়াটোলা এলাকার সামিরা ইফফাত। তার মতো অনেক শিক্ষার্থীই দিনের প্রথম ক্লাসে উপস্থিত থাকতে পারেনি। শহরের মধ্যবিত্ত ও নিু মধ্যবিত্ত বাসিন্দাদের ভোগান্তিটা সবসময়ই বেশি হয়। এবারও ব্যতিক্রম ছিল না। যানজট আর বৃষ্টি দুটোকেই মেনে নিয়ে তাদের পোহাতে হয়েছে পরিবহন স্বল্পতার কারণে সৃষ্ট দুর্ভোগ। এক্ষেত্রে যাদের গাড়ি আছে তাদের জন্য শুধু যানজটের সমস্যাই যে শেষ কথা, তেমন নয়। গাড়ির কার্বোরেটর ছুঁই ছুঁই করছিল পানি। জলাবদ্ধতার জন্য কুখ্যাত রাজধানীর শান্তিনগর ও মৌচাক এলাকা পেরিয়ে যাওয়া অনেক গাড়ির পক্ষেই সম্ভব হয়নি।
তবে ধারা বর্ষণেও মাথা ঠাণ্ডা হয়নি এক রিক্সাচালকের। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি বললেন, ‘মনে হয়, রাজধানীতে নয়, আমরা যেন একটা শহরতলিতে আছি।’ বড় মগবাজার এলাকায় হাঁটু সমান পানিতে ডুবে যাওয়া রাস্তার পাশের একটি খোলা ড্রেন থেকে রিক্সার পেছনের চাকা টেনে তুলতে তুলতে এই কথাই বললেন তিনি।
