২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের শেষ অধিবেশনে এই প্রথম প্রধান বিরোধী দল থাকছে

১৯৯১ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম কোনো সংসদের শেষ অধিবেশনে প্রধান বিরোধী দল উপস্থিত থাকছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2006, 06:47 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

সোমবার বিরোধী দলের নেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক সভায় আওয়ামী লীগের সংসদীয় কমিটি এ সিদ্ধান্ত নেয়। এর ফলে সোমবার অধিবেশনের দ্বিতীয় দিনেই সংসদে যোগ দিল আওয়ামী লীগ।

এর আগে সপ্তম ও পঞ্চম সংসদের শেষ অধিবেশনের অনেক আগেই বিরোধীদলীয় সাংসদরা সংসদ বয়কট শুরু করেন।

সংসদ সূত্রে জানা গেছে, ২৩তম অধিবেশনই হবে বর্তমান সংসদের শেষ অধিবেশন । স্পিকার মোহাম্মদ জমির  উদ্দিন সরকারও সেই আভাস দিয়েছেন।

স্পিকার সাংবাদিকদের বলেছেন, প্রধান দুই দল বসে আরেকটি অধিবেশনের ব্যাপারে একমত না হলে চলতি ২৩তম অধিবেশনই হবে  শেষ অধিবেশন। বর্তমান অধিবেশন চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

ক্ষমতাসীন বিএনপি দলীয় হুইপ রেজাউল বারী ডিনা বিডিনিউজকে বলেছেন, গত দুটি সংসদের শেষ অধিবেশনে অনুপস্থিত থাকলেও বর্তমান অষ্টম সংসদের শেষ অধিবেশনে বিরোধী দলের উপ¯ি’িত প্রমান করে যে সংসদীয় গণতন্ত্র পূর্ণতা পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।শেষ অধিবেশনে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের উপস্থিতি একটি বড় অর্জন।

বিএনপি নেতৃত্বাধীন পঞ্চম সংসদ ১৯৯১ সালের ৫ এপ্রিল যাত্রা শুরু করে। এই সংসদে মোট ২২টি অধিবেশন অনুষ্ঠিত হয়। তবে পাঁচ বছর মেয়াদ পূর্তির আগেই ১৯৯৫ সালের ১৫ নভেম্বর  সংসদের শেষ (২২তম) অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের অনেক আগেই প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সংসদ বয়কট শুরু করে এবং তারা আর সংসদে ফিরে যায়নি। শেষ অধিবেশনে মাত্র তিনটি কার্যদিবস ছিল। ওই সংসদের সর্বশেষ কার্যদিবস ছিল ,১৯৯৫ সালের ১৮ নভেম্বর ।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন সপ্তম সংসদ যাত্রা শুরু করে ১৯৯৬ সালের ১৪ জুলাই। এই সংসদ পাঁচ বছর মেয়াদ পূর্ণ করে। অধিবেশন ছিল ২৩ টি। ২৩তম অধিবেশন শুরু হয় ৬ জুন ২০০১ সালে এবং ২৫টি কার্যদিবসের পর তা শেষ হয় ২০০১ সালের ১৩ জুলাই । শেষ এই অধিবেশনে প্রধান বিরোধী দল বিএনপি এবং জামায়াতে ইসলামীর সাংসদরা অনুপস্থিত ছিলেন। বিরোধীদলীয় সাংসদরা শেষ অধিবেশনের অনেক আগে থেকে সংসদ বয়কট শুরু করেন এবং তারা আর সংসদে ফিরে যাননি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল, ২০০৪ (উত্থাপন ১২ জুলাই ’০৪), দি ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল অর্গানাইজেশন্স (অ্যামেন্ডমেন্ট) বিল ২০০৪ (উত্থাপন ৩১ অক্টোবর ’০৪), দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) বিল ২০০৬ (উত্থাপন ২৬ ফেব্র“য়ারী), দি পাবলিক সারভেন্টস (ডিসমিসাল অন কনভিকশন) (অ্যামেন্ডমেন্ট) বিল ২০০৬ (উত্থাপন ২ মে), আদালত অবমাননা বিল ২০০৬ (উত্থাপন ২ মে), রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) বিল ২০০৬ (উত্থাপন ৫ জুলাই), স্টেট অ্যাকুজিশন অ্যান্ড ট্যানেন্সি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০০৬ (উত্থাপন ৯ জুলাই), ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০০৬ (উত্থাপন ৯ জুলাই), ক্যাবল টিভি নেটওয়ার্ক পরিচালনা বিল ২০০৬ (উত্থাপন ১২ জুলাই), এবং বাংলাদেশ শিপিং করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল ২০০৬ (উত্থাপন ১২ জুলাই) সংসদে পাসের অপেক্ষায় রয়েছে। এই বিলগুলোর মধ্যে দি পাবলিক সার্ভেন্টস (ডিসমিসাল অন কনভিকশন) বিল  সম্পর্কে চূড়ান্ত রিপোর্ট দিয়েছে সংশ্লিষ্ট স্থায়ী কমিটি। বাকি বিলগুলো নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করতে পারেনি স্থায়ী কমিটিগুলো।  ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিল ২০০৬’ রোববার সংসদে উন্থাপিত হচ্ছে। এছাড়া এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য আরেকটি বিল সংসদে উত্থাপিত হবে বলে জানা গেছে।