২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার জেলা হাসপাতালে সন্ত্রাসী হামলা, ভাংচুর

পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে হামলা চালিয়েছে একদল উচ্ছৃঙ্খল যুবক। তাদের হামলায় এক মেডিকেল অফিসারসহ ৩ জন আহত হয়। এছাড়া ভাংচুর করা হয়েছে জরুরী বিভাগের আসবাবপত্র ও জানালার কাঁচ। ঘটনার পর হাসপাতালের ডাক্তার, নার্সসহ সংশি¬ষ্ট সকলেই আতংকিত হয়ে পড়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2006, 09:08 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

 হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দুপুরে শুভ দাশ নামের ৯ বছরের এক শিশু শহরের গোলদীঘিতে ডুবে গেলে স্থানীয় লোকজন উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলাম শিশুটিকে মৃত ঘোষনা করেন। ডা. শফিক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু ঘটে। তাই ডাক্তারের করার কিছু ছিল না।

কিন্তু বিকেলে একদল যুবক ডাক্তারের অবহেলায় ওই শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে হাসপাতালের জরুরী বিভাগে হামলা চালায়। এসময় কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. মাহমুদুর রশীদ, ব্রাদার মোহাম্মদ সৈয়দসহ তিনজন আহত হন। হামলাকারীরা হাসপাতালের দরজা জানালার কাঁচ, আসবাবপত্র ভাংচুর এবং জরুরী বিভাগের খাতা ও ফাইলপত্র তছনছ করে। এসময় তাদের হামলা থেকে বাঁচতে অন্যান্য ডাক্তার ও নার্সরা পালিয়ে যায়। পুরো হাসপাতাল জুড়ে ছড়িয়ে পড়ে আতংক। সন্ত্রাসীরা প্রায় একঘন্টা তাদের ইচ্ছে মত এই তান্ডব চালিয়ে নির্বিঘেœ চলে যায়।

 হাসপাতাল সূত্র জানায়, শিশু শুভ দাশ শহরের বৌদ্ধ মন্দির সড়কের জনৈক মিন্টু দাশের পুত্র।

 এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দুলাল চন্দ্র নাথের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি জানান, শিশুটির মৃত্যু হয়েছে পানিতে ঢুবে। তাই ডাক্তারদের কর্তব্যে অবহেলার প্রশ্নই ওঠে না। এব্যাপারে গতকাল শনিবার হাসপাতালের তত্তাবধায়ক ডা. দুলাল চন্দ্র বাদী হয়ে ১৫জনকে আসামী করে কক্সবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।

অপরদিকে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কক্সবাজার শাখার সাধারন সম্পাদক শিশু বিশেষজ্ঞ ডা. নুরুল আলম জানিয়েছেন, এই সন্ত্রাসী হামলার কোন বিচার না হলে হাসপাতাল অচল করে দেয়া হবে। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।