খুলনায় নিহত শ্রমিকের জানাজা সম্পন্ন : বকেয়া বেতনের অর্ধেক পরিশোধ
খালিশপুর শিল্পাঞ্চলে পুলিশের গুলিতে নিহত শ্রমিক মো. হানিফের লাশ দাফন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা জানাজা শেষে হানিফের লাশ তার গ্রামের বাড়ি দীঘলিয়া উপজেলার সেনহাটিতে নিয়ে যাওয়া হয়।
এদিকে বৃহস্পতিবার তার মৃত্যুর পর পাট সূতা বস্ত্রকল সংগ্রাম পরিষদ ঘোষিত নতুন কর্মসূচির অংশ হিসাবে শিল্পাঞ্চলে মিল ও ভবনে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করে শোক পালন করা হয়।
শ্রমিকদের আন্দোলনের মুখে বিজেএমসি তাদের বকেয়া বেতনের অর্ধেক পরিশোধের নির্দেশ দিয়েছে।
তবে এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা গেছে, বেলা ১২টায় খুলনা মেডিকেল কলেজ মর্গ থেকে হানিফের লাশ শিল্পাঞ্চলে পৌঁছুলে শ্রমিকরা লাশ নিয়ে শোক মিছিল বের করে।
আরেকটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বিজেএমসির চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম শ্রমিকদের ৪০ কোটি ৯ লাখ টাকা বকেয়া বেতনের মধ্যে ২০ কোটি টাকা বরাদ্দ দিয়ে গতকাল রাতে পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি সরদার মোতাহার উদ্দিনের কাছে ফ্যাক্স পাঠিয়েছেন।
উল্লেখ্য, বকেয়া পরিশোধ না করায় পাট সূতা বস্ত্রকল সংগ্রাম পরিষদ ৫ সেপ্টেম্বর থেকে আটটি রাষ্ট্রায়াত্ত পাটকলে অনির্দিষ্টকালের ধর্মঘট, হরতাল, রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচী ঘোষণা করে।
