ত্রিশাল ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৩০
ময়মনসিংহের ত্রিশাল ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
ময়মনসিংহের বিডিনিউজ প্রতিনিধি জানান, আজ শুক্রবার ভোরে জেলার শম্ভুগঞ্জের পীরের দরবার থেকে মুন্সীগঞ্জবাড়ি ফেরার সময় যাত্রীবাহী একটি বাস ত্রিশালের বৈলর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর অপর দুজন মারা যায়।
নিহতরা হলেন, নুরুল হক (৪৮), তার স্ত্রী পারুল (৪৫) ও তাদের মেয়ে শিউলি (২০)। তাদের বাড়ি মুন্সীগঞ্জ বলে জানা গেছে।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানিকগঞ্জের বিডিনিউজ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাত ১ টার দিকে চুয়াডাঙ্গা থেকে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে আসা গরুভর্তি একটি ট্রাক ঢাকা - আরিচা মহাসড়কের ভটিবাউর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী শাহীন (৩৫) মারা যান। তার বাড়ি চুয়াডাঙ্গার বেলগাছা গ্রামে।
এ দুর্ঘটনায় আহত হন আরো ১০জন।
এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে শুক্রবার সকালে দ্রুতগামী গাড়ির চাপায় নিখিল চন্দ্র নামে এক কাঠমিস্ত্রী মারা গেছেন। তার বাড়ি শিবালয় উপজেলায় দরিকান্দি গ্রামে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
