২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ভূয়া র‌্যাব কর্মকর্তা গ্রেপ্তার

বাগেরহাট বাস টার্মিনালে র‌্যাব কর্মকর্তা পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগে বৃহস্পতিবার পুলিশ মো. ওয়ালিউল ইসলাম ওরফে জাহাঙ্গীর (৪০) নামে এক ভুয়া র‌্যাব কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2006, 09:22 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বাগেরহাট বাস মালিক সমিতির বিরুদ্ধে যাত্রীসেবা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ করে চাঁদা দাবি করলে স্থানীয় পরিবহন মালিক নেতৃবৃন্দ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম হায়দার জানান, গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর বাস মালিক সমিতি নেতৃবৃন্দের সাথে র‌্যাব কর্মকর্তা পরিচয়ে মোবাইল ফোনে কথা বলার পর তাদের আমন্ত্রণে বৃহস্পতিবার সকালে বাগেরহাট টার্মিনালে আসে।

জাহাঙ্গীর পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার থানা রোডের আফছার উদ্দিন তালুকদারের ছেলে। তার বর্তমান ঠিকানা খুলনা মহানগরীর এস--৩৫ খালিশপুর হাউজিং পুরাতন কলোনী।

ঘটনার সত্যতা স্বীকার করে জাহাঙ্গীর পুলিশকে জানায়, সে একজন হার্ডওয়্যার ব্যবসায়ী এবং খুলনা শহরের খালিশপুর বিএডিসি সড়কে ‘রকি হার্ডওয়্যার’ নামে তার একটি দোকান আছে। কিন্তু আর্থিক সঙ্কটে পড়ে সে এভাবে কিছু অর্থ উপার্জনের চেষ্টা করছিলো।

এ বিষয়ে বাগেরহাট থানায় একটি  মামলা হয়েছে।