২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ক্রসফায়ারে আ. লীগ নেতা হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবি

র‌্যাবের ক্রসফায়ারে বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগ নেতা ও মৎস্য ব্যবসায়ী মুজিবর রহমান হাওলাদার (৫০) নিহত হওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে তাফালবাড়ি বাজার ব্যবসায়ী সমিতি এবং সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 09:33 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বুধবার স্ব স্ব সংগঠনের পৃথক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেরনে সংগঠনের সভাপতি আলহাজ্ব আছাদুজ্জামান আলম সরদার এবং ব্যবসায়ী সমিতি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডা. সিদ্দিকুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মুজিবর রহমান হত্যাকাণ্ডকে পুঁজি করে ক্ষমতাসীন জোটের স্থানীয় নেতারা আওয়ামী লীগের আরো নেতাকর্মীকে একইভাবে ক্রসফায়ারে হত্যার হুমকি দিচ্ছে।

এদিকে আগামীকাল ৭ সেপ্টেম্বর তাফালবাড়ি বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ব ঘোষিত প্রতিবাদ সমাবেশ স্থগিত করে তা আগামী ১০ সেপ্টেম্বর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সাথে ঘোষণা করা হয়েছে চার দিনব্যাপী কর্মসূচি।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে ৭ সেপ্টেম্বর উপজেলা তাবলীগ জামায়াতের মারকাজে বিশেষ দোয়া অনুষ্ঠান, ৮ সেপ্টেম্বর সাউথখালী ও পার্শ্ববর্তী এলাকার ৬৮টি মসজিদ ও ৬টি মন্দিরে বিশেষ প্রার্থনা এবং ১০ সেপ্টেম্বর তাফালবাড়ি বাজারে প্রতিবাদ সমাবেশ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ হাওলাদার, আব্দুল গফ্ফার, আতিয়ার রহমান নিরব, আব্দুর রাজ্জাক আবু, আব্দুল হাই হাওলাদার, ধীরেন্দ্রনাথ হালদার, সফিজ উদ্দিন খান প্রমূখ ।

গত ২ সেপ্টেম্বর শুক্রবার ভোর রাতে মোরেলগঞ্জের পশ্চিম বিশারীঘাটায় র‌্যাবের ক্রসফায়ারে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুজিবর রহমান নিহত হন। র‌্যাব তাকে সুন্দরবনের ডাকাত সর্দার, বিভিন্ন মামলার আসামী ও একাধিক হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধী বলে দাবি করে।