ধর্মঘট প্রত্যাহার করে নিল ট্যাংক - লরী সংগঠনগুলো
বাংলাদেশ ট্যাংক - লরী ওনার্স অ্যাসোসিয়েশনসহ তিনটি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি বুধবার প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়ান কর্পোরেশন (বিপিসি)- এর চেয়ারম্যান শেখ খুরশিদ আলম এবং বিএনপি সাংসদ গিয়াসউদ্দিনের সঙ্গে বাংলাদেশ ট্যাংক - লরী ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানী তেল পরিবেশক সমিতি ও ট্যাংক - লরী শ্রমিক ইউনিয়নের নেতাদের মধ্যে আলোচনার পর এই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
বিপিসি চেয়ারম্যান শেখ খুরশিদ আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি সাজ্জাদুল করিম, মহাসচিব মাহবুবুর রহমান, ঢাকা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন প্রধান, সাধারণ সম্পাদক ফজলুল হক ও পদ্মা অয়েল কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
সভা শেষে ধর্মঘটী নেতারা বলেন, বিপিসি কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
তারা আরো বলেন, সিদ্ধান্ত অনুযায়ী রেশনিং পদ্ধতি বাতিল করে পেট্রোল পাম্প ও এজেন্টদের চাহিদা অনুযায়ী ডিজেল সরবরাহ এŸং ১ জানুয়ারি সরকার ঘোষিত গেজেট অনুসারে বকেয়া টাকা পরিশোধ করার যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর থেকে তেলের রেশনিং বা কোটা পদ্ধতি বাতিলসহ ৫ দফা দাবিতে তারা অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট আহ্বান করে। তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে রেশনিং পদ্ধতি বাতিল, এজেন্টদের চাহিদা অনুযায়ী ডিজেল সরবরাহ, ১ জানুয়ারি সরকার ঘোষিত গেজেট অনুসারে বকেয়া টাকা পরিশোধ এবং গোদনাইল ও ফতুল্লা ডিপোতে দুটি ট্যাংক - লরি টার্মিনাল নির্মাণ।
অপরদিকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করা হলেও কর্মসূচির প্রথমদিন বুধবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডিজেল ও জ্বালানী তেলের তীব্র সংকট দেখা দেয়।
