২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর মহাসমাবেশে নাগরিক আন্দোলনের আবারো হুঁশিয়ারী

রাজশাহী বিভাগীয় মহাসমাবেশে সম্মিলিত নাগরিক আন্দোলনের নেতারা আবারো সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কার করা না হলে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2006, 09:25 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, দুঃশাসন হটাও’ এই শ্লে¬াগানকে সামনে রেখে মঙ্গলবার বিকালে  জেলার সাহেব বাজার জিরো পয়েন্টে এক বিশাল জনসমুদ্রে ভাষণ দিতে গিয়ে সম্মিলিত নাগরিক আন্দোলন নেতারা এ কথা বলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালেকের সভাপতিত্বে মহাসমাবেশে নেতারা বলেন, চার দলীয় ধনীক, বণিক, লুটেরা ও স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক জোট ২০০১ সালের কায়দায় আগামী নির্বাচনে ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়। এ জন্য তারা কালো টাকা সন্ত্রাস ও ধর্মের অপব্যবহারসহ বিভিন্ন কূটকৌশল গ্রহণ করছে; পরিকল্পনা করছে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর।

বক্তারা ‘জোট সরকারের দুঃশাসন, নগ্ন দলীয়করণ, দুর্নীতি, সন্ত্রাস ও মহান মুক্তিযুদ্ধের চেতনা নস্যাত করার চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর’ জন্য সকল প্রগতিশীল শক্তির প্রতি আহ্বান জানান।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিচারপতি কেএম সোবাহান, রাবির সাবেক উপাচার্য প্রফেসর সাইদুর রহমান খান, বিশিষ্ট কথা সাহিত্যিক প্রফেসর হাসান আজিজুল হক, বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সোবাহান চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির প্রমুখ।