সাভারে সেফটি ট্যাঙ্কে আটকা পড়ে দুজনের মৃত্যু
সাভারে নির্মাণাধীন একটি বাড়ির সেফটি ট্যাঙ্কে আটকা পড়ে মঙ্গলবার দুজন মারা গেছেন। দমকল বাহিনীর কর্মীরা পরে তাদের মৃতদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন, নির্মাণ শ্রমিক খোকন (৩০) ও ট্রাক চালক ইউনুস (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লার আয়ুব আলীর বাড়িতে নির্মাণ কাজ চলছিল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে খোকন (৩০) নির্মাণাধীন ৭ ফিট গভীর সেফটি ট্যাঙ্কের ভেতরে নামেন। পরে উঠতে না পেরে তিনি চিৎকার শুরু করেন।
এসময় পথচারী এক ট্রাক চালক ইউনুস (৩০) তাকে উদ্ধারের জন্য ট্যাঙ্কের ভেতর নামেন। কিন্তু তারা দুজনই সেখানে আটকা পড়েন। তাদের চিৎকার শুনে এলাকাবাসী সাভার ফায়ার সার্ভিসে খবর দেয়।
দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা খোকন ও ইউনুসকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
সাভার থানার এস আই হাবিব ডাক্তারকে উদ্ধৃত করে জানান, ট্যাঙ্কের ভেতর অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।
নিহত খোকন মানিকগঞ্জ জেলার সদর থানার আটগ্রাম মহল্লার আ. কাদেরের এবং ট্রাক চালক ইউনুস ধামরাই থানার সঙ্গারচর গ্রামের ওসমান আলীর পুত্র।
এ ব্যাপারে সাভার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
