যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বেলকুচিতে হরতাল
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ (৪০) হত্যার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সেখানে অর্ধদিবস হরতাল ডেকেছে উপজেলা আওয়ামী লীগ।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ মঙ্গলবার সকালে বেলকুচিতে বিক্ষোভ মিছিল করে।
নিহত জুয়েলের ছোট ভাই উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল ৯ জনকে আসামি করে বেলকুচি থানায় মঙ্গলবার সকালে একটি মামলা করেছেন।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ বাবুল হোসেন নামে একজনকে আটক করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ইতোপূর্বেও জুয়েলের ওপর এ ধরনের হামলা হয়েছিল। কিন্তু গত সোমবার রাত সাড়ে আটটার দিকে তাকে গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
