সাভারে গার্মেন্টস কারখানায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত
সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের জামগড়া এলাকার এস সুহী ইন্ডাস্ট্রিয়াল পার্কে মঙ্গলবার কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার বিক্ষুব্ধ শ্রমিকরা নবীনগর-কালিয়াকৈর সড়ক ও টঙ্গী-আশুলিয়া সড়ক প্রায় ২ ঘণ্টা ধরে অবরোধ করে রাখে।
থানা পুলিশ ও কয়েকজন শ্রমিকরা জানান, সোমবার বেলা ১১টার দিকে বিদ্যুৎ চলে গেলে কারখানার উৎপাদন ব্যবস্থাপক সাগর সব শ্রমিকদের ছুটি দিয়ে দেন। এ সময় অনেক শ্রমিকই হাজিরা কার্ড না নিয়ে বাড়ি চলে যায়।
মঙ্গলবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানার গেটে এলে কর্তৃপক্ষের হয়ে সামিউল যাদের কার্ড আছে শুধু তাদেরই ঢুকতে দেয়। এ সময় অন্যান্য শ্রমিকরা জানায়, তাদের কার্ড কারখানার ভেতর রয়েছে।
এতে শ্রমিকদের সাথে কারখানা কর্তৃপক্ষের কথাকাটাকাটি হয়। পরে উৎপাদন ব্যবস্থাপক সাগর শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে কাজে যোগদান করতে বলে।
এরপর মালিক পক্ষের কয়েকজন শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে দুই গ্র“পের সংঘর্ষে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়।
আশুলিয়া থানার এসআই জাহিদ জানান, আহত শ্রমিকদের মধ্যে শ্রমিক খায়রুল ইসলাম, আলহাজ, শহিদুল ইসলাম, টিপু, নাছির, ইব্রাহিম, স্বপন, আফজাল, মোতালেব, তোফায়েল, কাওছার, হোসেন আলীর অবস্থা আশঙ্কাজনক। তাদের সাভার ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নবীনগর কালিয়াকৈর সড়ক ও টঙ্গী আশুলিয়া সড়ক অবরোধ করে রাখে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ ব্যাপারে কারখানার জিএম মাহবুব হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
