২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাম শীর্ষ সম্মেলনে অর্থনীতিকে প্রাধান্য দেবে ঢাকা

জোট-নিরপেক্ষ আন্দোলনের ১৪তম শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক ইস্যুগুলোকে সামনে নিয়ে আসার প্রস্তাব করবে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2006, 07:15 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

আগামী ১৪-১৫ সেপ্টেম্বর কিউবার রাজধানী হাভানায় এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১১৮ সদস্যবিশিষ্ট ন্যামের শীর্ষ সম্মেলনে সরকার ও রাষ্ট্র প্রধানরা অংশ নেবেন।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘অর্থনৈতিক ইস্যুগুলো মূল্যায়নে যৌথ সক্ষমতা বাড়াতে আমরা ন্যাম বিশেষজ্ঞদের নিয়ে একটি সক্রিয় দল গঠনের প্রস্তাব রাখব।’

বাংলাদেশ চায় উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি মোকাবেলা এবং উন্নয়ন সহযোগীদের গুণগত ও পরিমাণগত অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে ওই বিশেষজ্ঞ দল ন্যাম, জি-৭৭ ও চীনের মধ্যে যোগাযোগের কাজ করবে।

সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খান প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবর্তে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকার কারণে প্রধানমন্ত্রী ওই সম্মেলনে অংশ নিচ্ছেন না।

শীর্ষ সম্মেলনের আগে ন্যামের সদস্য দেশগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা ১১ ও ১২ সেপ্টেম্বর কয়েকটি বৈঠক করবেন। এছাড়া ১৩ ও ১৬ সেপ্টেম্বর মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র সচিব জানান, ন্যাম একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হলেও রাজনীতি ও অর্থনীতি অবিচ্ছেদ্য বিষয় হওয়ায় এ দুটি বিষয়কে সামগ্রিকভাবে দেখা উচিত বলে বাংলাদেশ মনে করে।

হেমায়েতউদ্দিন বলেন, ‘সম্মেলনে আমরা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া, জাতিসংঘ সংস্কারের ব্যাপারে ন্যামের অবস্থান, সন্ত্রাসবিরোধী পদক্ষেপ, মানবাধিকার, অভিবাসন এবং উন্নয়নের মতো ইস্যুগুলো নিয়েও আলোচনা করব।’

কূটনৈতিক সূত্র জানায়, ন্যাম ন্যায়সঙ্গত নয় এমন আন্তর্জাতিক নির্দেশগুলো প্রতিহত করতে সক্ষম একটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

সম্মেলনে স্বাগতিক দেশ কিউবা ওই কর্মপরিকল্পনা সংক্রান্ত যে ঘোষণা উপস্থাপন করবে সেটির খসড়া নিয়ে এখন ন্যামের সদস্য দেশগুলো আলোচনা করছে।

মালয়েশিয়ার কুয়ালামপুরে ২০০৩ সালের ফেব্র“য়ারিতে অনুষ্ঠিত ১৩তম শীর্ষ সম্মেলনে অনুমোদিত চূড়ান্ত দলিল অনুযায়ী ন্যামের কার্যক্রম সংক্রান্ত কর্মপরিকল্পনা পরিচালিত হবে।

পরিকল্পনাটি পরে নিউইয়র্কে অবস্থিত ন্যাম সমন্বয় ব্যুরোর কাছে হস্তান্তর করা হবে। পরিকল্পনাটি সঠিকভাবে বাস্তবায়িত করা হচ্ছে কিনা তা মূল্যায়ন করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এটিকে নিরবচ্ছিন্নভাবে পর্যালোচনা করে দেখা হবে।

তৃতীয় বিশ্বের এই সংগঠনের উদ্দেশ্য ও আদর্শের সমন্বয় এটিকে দারিদ্র্য, অন্যায্য অর্থনৈতিক নির্দেশনা, সন্ত্রাস ও একক শক্তির বিশ্ব ব্যবস্থার মতো সমস্যার কার্যকর সমাধানের লক্ষ্যে কাজ করবে। এই লক্ষ্যেই ১৯৬১ সালে বেলগ্রেডে ন্যামের জন্ম হয়।

ন্যাম সম্মেলন শেষে পররাষ্ট্র মন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৬১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে রওয়ানা হবেন।