২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপীয় ইউনিয়নের প্রাক--নির্বাচনী পর্যবেক্ষক দল আগামী সপ্তাহে আসছে

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর ছয় সদস্যবিশিষ্ট প্রাক--নির্বাচনী পর্যবেক্ষক দল আগামী সপ্তাহে ঢাকা আসছেন। ১০ দিনের সফর শেষে ইউরোপীয় ইউনিয়নের এ দলের সদর দপ্তরে পাঠানো প্রতিবেদনের উপর ভিত্তি করেই আগামি জাতীয় নির্বাচনে পূর্ণাঙ্গ নিবাচনী পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2006, 07:25 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

ঢাকায় ইউরোপীয় কমিশন এর একজন মুখপাত্র বিডিনিউজকে জানিয়েছেন, ১১ সেপ্টেম্বর এ দলটি ঢাকা আসবে। দলে নিরাপত্তা ও আইন বিষয়ক একজন করে বিশেষজ্ঞ থাকছেন। ইইউ এর এ  দল ভোটার নিবন্ধনসহ নির্বাচন সংক্রান্ত প্রতিটি বিষয়েই বিস্তারিত যাচাই করবে।

নির্বাচন কমিশন, সরকার, সুশীল সমাজ ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ছাড়াও এই দল ঢাকার বাইরে মাঠ পর্যায়ে প্রাক-নির্বাচনী প্রস্তুতির বিভিন্ন দিক খতিয়ে দেখবে।

ঢাকার ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত ড. স্টেফান ফ্রোয়েন এর আগে জানিয়েছিলেন, এই দলের চূড়ান্ত প্রতিবেদনের উপর ভিত্তি করেই ইইউ ঠিক করবে যে আগামি নির্বাচনে তারা পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে কি-না?

ক’টনৈতিক সূত্র জানায়, এই দল সরকার, বেসরকারি উন্নয়ন সংস্থা, আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা, বিভিন্ন দূতাবাসের সঙ্গে আলাপ আলোচনা করে প্রতিটি জেলায় নিরাপত্তা পরিস্থিতির উপর প্রতিবেদন তৈরি করবে। একটি পূর্ণ নির্বাচন পর্যবেক্ষক দল মোতায়েন করার আগে সন্ত্রাসী হামলা, গণঅসন্তোষ, হরতাল, চাঁদাবাজি, সড়ক দুর্ঘটনা, অসুস্থতা, ভূমিকম্প এবং পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতির প্রভাব যাচাই করবে এই প্রাক-নির্বাচনী দল।

জরুরী পরিস্থিতিতে করণীয় সম্পর্কেও এই দল যাচাই প্রতিবেদনে উল্লেখ করবে।