২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দহগ্রাম--আঙ্গরপোতা ছিটমহলবাসীর স্বেচ্ছায় ‘অবরুদ্ধ’ ঘোষণা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর বাধা দেওয়ার প্রতিবাদে রোববার দহগ্রাম--আঙ্গরপোতা ছিটমহলের ১৫ হাজার বাসিন্দা নিজেদেরকে স্বেচ্ছায় অবরুদ্ধ ঘোষণা করে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2006, 10:23 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

ছিটমহলের জহুরুল হক প্রধান, ফয়জার রহমান ও খগেন্দ্রনাথসহ কয়েকজন বাসিন্দা শনিবার বিকালে শতাধিক গরু নিয়ে মূল ভূখন্ড পাটগ্রাম হাটে যাওয়ার উদ্দেশ্যে তিন বিঘা করিডোরে এলে  বিএসএফ জওয়ানরা তাদের বাধা দেয়।

এসময় বিএসএফ জানায়, শিলিগুড়ির আইজি আর. এস দেওয়ারীর নির্দেশ অনুযায়ী একসাথে ৫টির বেশি গরু যাতায়াতের অনুমতি নেই।

এর প্রতিবাদে তিন বিঘা করিডোরসহ দহগ্রাম--আঙ্গরপোতা ছিটমহলের প্রায় ১৫ হাজার বাসিন্দা রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।

সকাল ১১ টায় তিনবিঘা করিডোর বিডিআর ক্যাম্পের পাশে দহগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ-- সমাবেশে শত শত বিক্ষুব্ধ ছিটমহলবাসী অংশ নেয়।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছিটমহলের বাসিন্দা রেজাউল করিম, আমজাদ হোসেন ও মোতালেব প্রধান।

সমাবেশ শেষে বিক্ষুদ্ধ ছিটমহলবাসী তিন বিঘা করিডোর অভিমুখে রওনা হলে বিডিআর সদস্যরা তাদের বাধা দেয়। বিএসএফ সদস্যরাও এ সময় ভারী অস্ত্রসহ টহল জোরদার করে।

উদ্ভূত পরিস্থিতিতে রোববার বিকাল সোয়া ৩টায় তিন বিঘা করিডোরে বিডিআর ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে বিডিআর ১৯ রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল সাফায়েত এবং ভারতীয় পক্ষে বিএসএফ ৫০ ব্যাটালিয়ন কমান্ডেন্ট মি. সুশীল কুমার নেতৃত্ব দেন।

এ বিষয়ে ১৯ রাইফেলস ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্ণেল সাফায়েত বিডিনিউজকে বলেন, বৈঠকে উত্তেজনা নিরসন হয়েছে এবং তিন বিঘা করিডরের উপর দিয়ে দহগ্রাম ছিটমহলবাসী একসাথে ৫টি করে গরু নিয়ে যাতায়াত করতে পারবে।

অপরদিকে দহগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং সংগ্রাম কমিটির নেতা রেজাউল রেজা জানান, তারা বৈঠকের সিদ্ধান্ত মেনে নেবেন না এবং এ বিষয়ে জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানসহ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।