দেশে গরীবের সংখ্যা বেড়েছে
পাঁচ বছর আগের তুলনায় বর্তমানে আরও বেশি লোক চরম দারিদ্র্য সীমার নিচে বাস করছে, গুরুত্বপূর্ণ এক জরিপে এ তথ্য পাওয়া গেছে।
জরিপ অনুযায়ী ক্যালরি গ্রহণের সামর্থ্যরে দিক থেকে ২০০৫ সাল পর্যন্ত পাঁচ বছরে চরম দরিদ্র লোকের সংখ্যা প্রায় ৩০ লাখ বেড়েছে।
পরিসংখ্যান বাদ দিন। তার বদলে শতকরা হার বিবেচনা করা হলে অভিযোগ করার মত বেশি কিছু পাওয়া যাবে না।
বিভ্রান্ত?
সর্বশেষ পারিবারিক আয় ও ব্যয়ের জরিপটি (এইচআইইএস) লক্ষ্য করলেই দেখা যাবে, প্রকৃত দারিদ্র্য (এবসোলিউট পভার্টি) কমেছে শতকরা ৪ দশমিক ১ পয়েন্ট, অতি দারিদ্র্য (হার্ডকোর পভার্টি) শতকরা দশমিক ৫ পয়েন্ট এবং চরম দারিদ্র্য (আলট্রা পভার্টি) শতকরা দশমিক ৪ পয়েন্ট পর্যন্ত কমেছে।
এরকম বিভিন্নভাবে সংজ্ঞায়িত দরিদ্রের সংখ্যা মোট জনসংখ্যার ৪০ দশমিক ৪ শতাংশ। ২০০০ সালে এই সংখ্যা ছিল ৪৪ দশমিক ৩ শতাংশ।
দারিদ্র্যের হার তবে কীভাবে নির্ধারিত হবে?
জরিপে দেখানো হয়, দিনে যারা মাথাপিছু ২ হাজার ১২২ কিলো ক্যালরির বেশি পায় না এরকম প্রকৃত দরিদ্রের সংখ্যা দুই লাখ বেড়েছে । ২০০৫ সালে এই সংখ্যা ছিল ৫ কোটি ৬০ লাখ।
প্রতিদিন ১ হাজার ৮০৫ কিলোগ্রামেরও কম ক্যালরি পাওয়া অতি দরিদ্রের সংখ্যা বেড়েছে ২১ লাখ পর্যন্ত।২০০০ সালে এই শ্রেণীর দরিদ্রের সংখ্যা ছিল ২ কোটি ৪৯ লাখ। ২০০৫ সালে তা বেড়ে ২ কোটি ৭০ লাখে দাঁড়ায়।
এ ছাড়া অতিদরিদ্রের সংখ্যা গত পাঁচ বছরে পাঁচ লাখ পর্যন্ত বেড়েছে। এরা প্রতিদিন মাথাপিছু ১ হাজার ৬০০ কিলো ক্যালরির বেশি পায় না। শতকরা হারের দিক থেকে এক্ষেত্রে হ্রাস পেয়েছে দশমিক ৪ পয়েন্ট।
জরিপে বলা হয়, ২০০৫ সালে দেশে চরম দরিদ্রের সংখ্যা ছিল ১ কোটি ৮ লাখ লোক। ২০০০ সালে যা ছিল ১ কোটি ৫ লাখ।
প্রতি পাঁচ বছর পরপর পারিবারিক আয় ও ব্যয়ের এই জরিপ করা হয় । এতে দৈনিক মাথাপিছু ক্যালরির চাহিদা ধরে ১১টি খাদ্য নিয়ে প্রতিদিনের সুষম খাবার এবং অন্যান্য মৌলিক চাহিদার মোট ব্যয়ের ভিত্তিতে দারিদ্র্য নির্ধারণ করা হয়ে থাকে।
জরিপ অনুযায়ী ২০০০ সাল থেকে ২০০৫ সালের মধ্যে জাতীয় পর্যায়ে দারিদ্র্যের হার কমেছে ৯ দশমিক ২ শতাংশ।
