রাজধানীতে ব্যবসায়ী খুন
রাজধানীর পল্লবী এলাকায় রোববার দুপুরে সন্ত্রাসীদের গুলিতে ইজ্জত আলী বেপারী (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
তিনি পল্লবী থানার বাউনিয়া বাঁধে ভাঙ্গারির ব্যবসা করতেন।
নিহতের ছেলে হারুন অর রশিদ মিরপুরের সন্ত্রাসী শাহাদত গ্র“প এ হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে জানিয়েছেন।
হারুন অর রশিদ বিডিনিউজকে জানান, দুই মাস আগে শাহাদতের সহযোগীরা তার বাবার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। তা না পেয়েই সম্ভবত তারা এ হত্যাকান্ড ঘটিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। ইজ্জত আলী তখন পল্লবীর ১১ নং সেকশনের ১ নং সড়কে তার ভাঙ্গারি দোকানে বসেছিলেন।
সন্ত্রাসীরা তখন তাকে খুব কাছ থেকে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
