যশোরে চিকিৎসকদের ধর্মঘটের হুমকি
আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে ড. আকরাম মোল্লার প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে যশোরের চিকিৎসকরা ১২ সেপ্টেম্বর থেকে ধর্মঘট শুরুর হুমকি দিয়েছেন।
যশোর শহরের দড়াটানা মোড়ে শনিবার সকালে বিএমএ যশোর শাখা আয়োজিত এক বিক্ষোভ সমাবেশের বক্তারা অবিলম্বে ড. আকরাম মোল্লার প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। ড. মোল্লা গত মাসে জেলার অভয়নগর উপজেলায় সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন।
বিএমএ যশোর শাখা সভাপতি ড. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এমদাদুল হক, আব্দুল হক ও আহসান কবীর।
এর আগে বিএমএ সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত মানববন্ধন কর্মসুচি পালন করে। মানববন্ধনে সকল শ্রেণীর মানুষ অংশ নেয়।
উল্লেখ্য, চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য পরিচয়ে স্থানীয় সংবাদপত্র কার্যালয়গুলোতে পাঠানো এক চিঠিতে এই হত্যার দায়দায়িত্ব স্বীকার করা হয়।
এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ এখন পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু কেউই এই হত্যার দায়দায়িত্ব স্বীকার করেনি।
