২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনে আবার বিতর্কিত ব্যক্তি, ১ম লিড

নির্বাচন কমিশনে আরো একটি বিতর্কিত নিয়োগ দিল সরকার। নির্বাচন কমিশনের চতুর্থ সদস্য হিসেবে নিয়োগ পাওয়া মাহমুদ হাসান মনসুরের নাম একটি চীনা কোম্পানির সঙ্গে সম্পাদনের অপেক্ষায় থাকা ৫০ কোটি টাকার বিতর্কিত একটি চুক্তির সঙ্গে জড়িয়ে আছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2006, 09:42 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

মাত্র কয়েকমাস আগেই পরিকল্পনা কমিশন সাবেক টেলিযোগাযোগ সচিব হাসান মনসুরের বিরুদ্ধে চীনা কোম্পানির অর্থে বিদেশ ভ্রমণের অভিযোগ এনেছিল।

‘থ্রি জিএসএম ওয়ার্ল্ড কংগ্রেস ২০০৬’ এ যোগ দিতে মাহমুদ হাসান মনসুর ডাক ও টেলিযোগাযোগ সচিব থাকাকালে চলতি বছরের ১৩ থেকে ১৫ ফেব্র“য়ারি স্পেন ও চীন সফর করেন। এ সফরের যৌক্তিকতা বোঝানোর জন্য তার দপ্তর থেকে অসত্য তথ্য দেওয়া হয়।

‘থ্রি জিএসএম ওয়ার্ল্ড কংগ্রেস ২০০৬’ টি ফেব্র“য়ারির ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের দ্বিতীয় ‘ভেন্যু’ হিসেবে চীনকে দেখিয়ে সরকারি আদেশে (জিও) হাসান মনসুরের জন্য বাড়তি পাঁচদিনের (ফেব্র“য়ারি ১০-১৭) বন্দোবস্ত করা হয়।

বিডিনিউজের নিজস্ব অনুসন্ধানে দেখা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পাওয়ার জন্যই সেই সময়ের টেলিযোগাযোগ সচিব হাসান মনসুর এভাবে তার ভ্রমণসূচি তৈরি করেছিলেন।

এদিকে একজন দায়িত্বশীল কর্মকর্তা হওয়া সত্ত্বেও চীনা টেলিযোগাযোগ ঠিকাদার হুয়াউই টেকনোলজিস অনৈতিকভাবে মনসুরের বিমানভাড়া, হোটেল খরচ এবং প্রতিদিনের নগদ ভাতার ব্যবস্থা করেছিল।

চীনা প্রতিষ্ঠান হুয়াউই এর সঙ্গে সেসময় বাংলাদেশ সরকারের প্রায় ৫০ কোটি টাকা কেনাকাটার দুটি প্রস্তাব বিবেচনাধীন ছিল বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) টেলিযোগাযোগ সচিবের ওই বিদেশ - ভ্রমণকে কাগজে - কলমেই স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) বলে উল্লেখ করেছিল।

কেনাকাটা সংক্রান্ত প্রস্তাব দুটির মধ্যে ছিল ২৪ কোটি ৫০ লাখ টাকা (৩৫ লাখ মার্কিন ডলার) ব্যয়ে ঢাকা থেকে রাজশাহীতে অপটিক্যাল ফাইবারের সম্প্রচার সংযোগ বসানো এবং ২৫ কোটি ২০ লাখ টাকা (৩৬ লাখ মার্কিন ডলার) ব্যয়ে বিটিটিবির জন্য ভিওআইপি প্লাটফরম বসানো।

সিপিটিইউ বারবার বলেছে যে, চীনা কোম্পানি থেকে টাকা নিয়ে বিদেশ ভ্রমণে যাওয়া পুরোপুরি অনৈতিক হয়েছে। কিন্তু সিপিটিইউ এর সতর্কতা গায়ে না মেখেই হুয়াউই এর সঙ্গে টেলিযোগাযোগ মন্ত্রণালয় চুক্তি দুটি চূড়ান্ত করে ফেলে।

২১ আগস্ট সরকারি ক্রয় কমিটি এ চুক্তি দুটি অনুমোদন করে প্রধানমন্ত্রীর কাছে পাঠায়। জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় বিতর্কিত চুক্তি দুটি করার বিষয়ে দ্বিধা - দ্বন্দ্বে আছে। এ পরিস্থিতিতেই নতুন নির্বাচন কমিশনার হিসেবে মাহমুদ হাসান মনসুরকে নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী।

হাসান মনসুরকে নির্বাচন কমিশনার নিয়োগের নথি বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। ওই রাতেই তা বঙ্গভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে। রোববার নতুন নির্বাচন কমিশনারের শপথ নেওয়ার কথা।

১৫ জানুয়ারি সরকার সমর্থক হিসেবে পরিচিত বিচারপতি মাহফুজুর রহমান এবং নির্বাচন কমিশনের সাবেক সচিব স ম জাকারিয়াকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

হাসান মনসুর এর আগে বর্তমান সরকারের সময়ই বিআরটিএ এর চেয়ারম্যান থাকা অবস্থায় রাষ্ট্রপতির কোটায় অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে রাষ্ট্রপতির কোটায় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। সর্বশেষ তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব ছিলেন। তার বাড়ী বগুড়ার গাবতলীতে।

শুক্রবার রাতে যোগাযোগ করা হলে মাহমুদ হাসান মনসুর সিপিটিউ এর আপত্তির বিষয়টি স্বীকার করেন। তবে টেলিফোনে তিনি বিডিনিউজকে বলেন, কেনাকাটা সংক্রান্ত কোনো বিষয়ে মন্ত্রণালয়ের সচিব কখনো দেশের বাইরে যায় না। তিনি চীনে গিয়েছিলেন ভিন্ন কারণে। এর বাইরে তার কোনো মন্তব্য নেই।