বাংলাদেশের সাথে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী পাকিস্তানের শীর্ষ ব্যবসায়ীরা
বাংলাদেশে সফররত ফেডারেশন অফ পাকিস্তান চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফপিসিসিআই) এর প্রেসিডেন্ট চৌধুরী মোহাম্মদ সাঈদ - এর নেতৃত্বে একটি বাণিজ্য প্রতিনিধি দল আজ নৌ পরিবহন প্রতিমন্ত্রী মেজর (অবঃ) মো. কামরুল ইসলামের সাথে তার সচিবালয়ে সাক্ষাৎ করেন।
এ ছাড়া প্রতিনিধিদল আজ সকালে বাংলাদেশ টেক্সটাইল মিলস সমিতি (বিটিএমএ) এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নেতৃবৃন্দের সঙ্গে বিনিয়োগ সম্ভাব্য সমস্যা নিয়েও আলোচনা করেন।
নৌ পরিবহন মন্ত্রীর সাথে সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখ করে উভয় দেশের মধ্যে ব্যবসা - বাণিজ্য সম্প্রসারণের উপর মতামত ব্যক্ত করেন। প্রতিনিধি দল এ লক্ষ্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জাহাজ চলাচল আরো বৃদ্ধিসহ পণ্য পরিবহনে প্রাইভেট কার্গো সার্ভিস চালুর বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী উভয় দেশের বাণিজ্য সম্প্রসারণে তাদের প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন এবং প্রতিনিধি দলকে অবহিত করেন যে, ইতিমধ্যেই পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে রপ্তানী কার্যক্রম আরো বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ছয়টি জাহাজ মংলা - করাচি রুটে চলাচলের অনুমতি প্রদান করা হয়েছে।
এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. রফিকুল ইসলাম, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (এফবিসিসিআই) এর সভাপতি মীর নাসির হোসেন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এম এম শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
এফপিসিসিআই সভাপতি চৌধুরী মোহাম্মদ সাঈদ বলেন, বাংলাদেশ সরকার যদি দীর্ঘ মেয়াদি গ্যাস সরবরাহের নিশ্চয়তা দেন, তবে আমরা এ দেশে বিনিয়োগ করতে পারে।
তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহের প্রতিবন্ধকতা ও পর্যাপ্ত গ্যাস সরবরাহই এ দেশে বিনিয়োগের প্রধান সমস্যা।
বিটিএমএ সভাপতি আব্দুল আওয়াল বলেন, গ্যাস অবকাঠামোর কারণে গ্যাস সরবরাহে সমস্যা হচ্ছে। তবে আগামী বছরের এপ্রিল মাসে এ ধরনের সমস্যা থাকবে না।
