৩০ আগস্ট যশোরের সাহসী সাংবাদিক মুকুল হত্যার ৮ম বার্ষিকী
৩০ আগস্ট যশোরের সাহসী সাংবাদিক দৈনিক রানারের প্রয়াত সম্পাদক আরএম সাইফুল আলম মুকুলের ৮ম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে তার পরিবার এবং যশোরের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে তার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, শোক র্যালি, মিলাদ মাহফিল, পারিবারিকভাবে কাঙালি ভোজ।
যশোর থেকে প্রকাশিত দৈনিক রানারের সম্পাদক মুকুল ১৯৯৮ সালের ৩০ আগস্ট রাত ১০টার দিকে শহর থেকে পত্রিকা অফিসে যাওয়ার সময় বেজপাড়া চিরুনি কলের সামনে দুর্বৃত্তদের বোমার আঘাতে নিহত হন। পরদিন তার স্ত্রী হাফিজা আক্তার শিরিন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলার তদন্তভার ন্যস্ত হয় সিআইডির ওপর। সিআইডি যশোর জোনের তৎকালীন এএসপি দুলাল উদ্দিন আকন্দ ১৯৯৯ সালের ২৩ এপ্রিল এ মামলায় ২২ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন। অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- বর্তমান পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, বিএনপি নেতা সাবেক কমিশনার নুর - উন - নবী।
মামলার বাদি এ চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজি দেন। এরপর মামলাটি আইনী জটিলতায় আটকে যায়। এমনকি হাইকোর্ট থেকে মামলাটি বাতিলও করে দেয়া হয়।
২০০৫ সালে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ মামলাটি পুনরুজ্জীবিত করে বর্ধিত তদন্তের নির্দেশ দেন।
তদন্ত শেষে ২০০৫ সালের ২১ ডিসেম্বর সিআইডি যশোর জোনের এএসপি মওলা বক্স এই মামলার বর্ধিত চার্জশিট প্রদান করেন। এতে দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার বিএফইউজে নেতা ফারাজী আজমল হোসেন ও বেজপাড়া এলাকার তরিকুল ইসলাম পান্নাকে আসামিদের মধ্যে অন্তর্ভূক্ত করা হয়। সব মিলিয়ে অভিযুক্তের সংখ্যা দাঁড়ায় ২৪ জন।
সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল হত্যা মামলা থেকে গত ১৫ জুন ২০০৬ পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম এবং রূপম নামে দুজনকে অব্যাহতি দেওয়া হয়।
যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ - ২ মো. শফিকুর রহমানের আদালতে এই মামলার চার্জ গঠনের শুনানি শেষে মন্ত্রী তরিকুল ইসলাম ও রূপম এ মামলা থেকে অব্যাহতি পাওয়ায় আদালত ২২ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন।
গত ১২ জুলাই সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে ধার্য করা হলেও অভিযুক্তদের আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী ১২ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
