যুক্তরাষ্ট্রের গবেষকগদের বন্যা-সহনীয় ধান উদ্ভাবন
বিশ্বের যেকোন স্থানে উৎপাদিত ধান শীঘ্রই সম্পূর্ণভাবে বন্যা সহনীয় হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যলিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও ফিলিপাইনে অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানীদের সহায়তায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রিভারসাইড ক্যাম্পাস জিন বিশেষজ্ঞরা এক নতুন গবেষণায় বন্যা-সহনীয় ধান উদ্ভাবন করেছেন।
মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা জানানো হয়।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর অর্থায়নে এই গবেষণা পরিচালিত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যালিফোর্নিয়ায় উদ্ভাবিত এই ধানে বন্যা সহ্য করে টিকে থাকার বৈশিষ্ট্য সংযোজন করে গবেষকগণ দেখিয়েছেন যে, বিশ্বে যেকোন জাতের ধান আকস্মিক বন্যায় তলিয়ে যাওয়ার পরেও কিভাবে টিকে থাকতে পারবে।
ওই গবেষকগণই প্রথম ভারতীয় একটি নির্দিষ্ট জাতের ধানের জিন সনাক্ত করতে সক্ষম হন যা ওই জাতের ধানকে দুই সপ্তাহের অধিক সময় ধরে সম্পূর্ণভাবে পানিতে ডুবে যাওয়ার পরও টিকিয়ে রাখে।
বিশ্বের অনেক অঞ্চলেই প্রায়শঃ বন্যায় শস্যক্ষেত্র তলিয়ে যাওয়ার কারণে খাদ্যশস্যের উৎপাদন হ্রাস একটি প্রাকৃতিক দুর্যোগ।
বিশ্বের তিনশ’ কোটিরও বেশি মানুষের প্রধান খাদ্য ধান জমিতে আটকে থাকা পানিতেই ভালভাবে বেড়ে ওঠে। তবে তা চারদিনের বেশি সম্পূর্ণভাবে পানিতে ডুবে থাকলে মরে যায়। পানিতে ডুবন্ত অবস্থায় অক্সিজেন এবং কার্বন-ডাই-অক্সাইডের সরবরাহের অভাব ঘটে। ফলে ধানের সালোকসংশ্লেষণ ও শ্বাসক্রিয়ায় ব্যাঘাত ঘটে।
গবেষকগণ ভারতীয় এবং ক্যালিফোর্নিয়া ধানের মধ্যে ক্রস--পরাগায়নের মাধ্যমে ভারতীয় ধানের নির্দিষ্ট জিনগুলোকে ক্যালিফোর্নিয়া ধানের মধ্যে স্থানান্তর করেন এবং ধানের কয়েক প্রজন্ম ধরে সঙ্করায়ন প্রক্রিয়া চালিয়ে যান যাতে বন্যা সহনীয়তার জন্য সংশ্লিষ্ট জিনগুলো রেখে ভারতীয় জাতের অন্যান্য জিনগুলোর পরিবর্তে ক্যালিফোর্নিয়া জাতের জিনগুলো প্রতিস্থাপন করা যায়।
এর ফলে ক্যালিফোর্নিয়া জাতের ধান বন্যায় পুরোপুরি তলিয়ে যাওয়ার পরেও টিকে থাকতে সক্ষম হয়।
