সিপিডি কর্মকর্তাদের মানহানির মামলা হাইকোর্টে স্থগিত
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্রাচার্য, ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মঞ্জুর এলাহি, মো. সাইদুজ্জামান ও লায়লা কবিরের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছে হাইকোর্ট। জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান এ মামলা দায়ের করেন।
বিচারপতি মো. আবদুর রশিদ ও বিচারপতি মিফতাহউদ্দিন চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ সিপিডির পাঁচ কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে কেন তাদের বিরুদ্ধে দায়ের করা এই মামলার কার্যক্রম বাতিল করা হবে না তার ব্যখ্যা চেয়ে সরকারের প্রতি রুলও জারি করেন।
গত ৯ আগস্ট জালানি উপদেষ্টা ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান এদের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে মানহানির মামলা দায়ের করলে ওই আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
তারা মাহমুদুর রহমানকে রাজাকার বলে অভিহিত করেছিলেন বলে ওই মামলায় অভিযোগ আনা হয়।
১৩ আগস্ট সিপিডির এই পাঁচ কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
সিপিডির পক্ষে মামলা পরিচালনা করেন ড. কামাল হোসেন, ড. এম জহির ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।
