২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ী ট্র্যাজেডির জন্য আন্দোলন সংগঠকদের দায়ী করলেন জ্বালানি উপদেষ্টা

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান ফুলবাড়ীর ট্র্যাজেডির জন্য তেল - গ্যাস - খনিজ সম্পদ ও বিদ্যুৎ - বন্দর রক্ষা জাতীয় কমিটিকে দায়ী করে বলেন, উষ্কানিদাতারাই এসব মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 09:17 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

এশিয়া এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সাথে রোববার তার সচিবালয়ের কার্যালয়ে বৈঠকের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি ফুলবাড়ীর ঘটনাকে ‘বেদনাদায়ক’ এবং আন্দোলনকে ‘অহেতুক’ বলে উল্লেখ করেন।

আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ার প্রয়োজনীয়তা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে বলেন, এ ব্যাপারে জেলা প্রশাসন ভালো বলতে পারবে। জ্বালানি মন্ত্রণালয় নয়, ফুলবাড়ীর মর্মান্তিক ঘটনার ফলে সৃষ্ট পরিস্থিতি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে বলে তিনি জানান।

জাতীয় কমিটির ব্যানারে আন্দোলন করতে গিয়ে শনিবার দিনাজপুরের ফুলবাড়ীতে ৫ জন নিহত এবং ৫০ জন আহত হয়।

জাতীয় রাজনীতিতে অবস্থান শক্তিশালী করতে বামদল তথা জাতীয় কমিটি ফুলবাড়ীর নিরীহ জনগণ এবং কয়লা প্রকল্পকে ‘গিনিপিগ’ হিসেবে ব্যবহার করেছে বলে তিনি জানান।

এ ঘটনার সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের জড়িত থাকার অভিযোগের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এশিয়া এনার্জিকে সমর্থন দিয়েছে। তাই এ ঘটনায় আওয়ামী লীগ জড়িত থাকার কথা নয়।

তিনি আরও জানান, কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তথাকথিত কমিটি এবং উষ্কানিদাতাদের সমর্থন দিচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

মাহমুদুর রহমান বলেন, ফুলবাড়ী কয়লা প্রকল্প এবং এশিয়া এনার্জির ভবিষ্যৎ এ ঘটনায় নয়, বরং আইন, কয়লা নীতি এবং জাতীয় স্বার্থের ওপর নির্ভর করবে।

তিনি বলেন, এশিয়া এনার্জিকে প্রত্যাখ্যানের বিষয়টি অবশ্যই এড়িয়ে যাওয়া হবে। কারণ এখন আমরা তাদের প্রত্যাখ্যান করতে চাইলে ক্ষতিপূরণের প্রশ্ন আসবে।

জ্বালানি উপদেষ্টা বলেন, উস্কানিদাতারা এশিয়া এনার্জিতে হামলার ব্যাপারে অযথাই সাধারণ মানুষকে টেনে এনেছে। এ ঘটনার দায়ও তাদেরকেই নিতে হবে।

তাছাড়া এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা বিদেশী বিনিয়োগকারীদের, বিশেষ করে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করবে বলে তিনি জানান।

অস্ট্রেলীয় হাইকমিশনার ডগ ফসকেট এবং এশিয়া এনার্জির সিইও গ্যারি লাই রোববার তার কার্যালয়ে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন এবং মর্মান্তিক ঘটনার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

জ্বালানি উপদেষ্টা জানান, হাইকমিশনার নিরাপত্তার প্রশ্নটি উত্থাপন করেন এবং তিনি এর উত্তরে বলেন, মূলত নিরাপত্তা নিশ্চিত করতে গিয়েই এ ঘটনা ঘটেছে।

জ্বালানি উপদেষ্টার সাথে বৈঠকের পর গ্যারি লাই সাংবাদিকদের বলেন, কেন এ ঘটনা ঘটেছে এবং সত্যিকারের ঘটনা কীÑ সরকারেরই তা খুঁজে বের করতে হবে। কিন্তু আমাদের মনে হয়েছে, নিষ্ঠুর এ ঘটনাক্রম, অহেতুক প্রাণহানি এবং দুর্ভোগ আন্দোলন সংগঠকদের ভুলের কারণে হয়েছে।

জ্বালানি উপদেষ্টা বলেন, ১৯৯৭ সালে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পর থেকে বর্তমান সরকারের মেয়াদ পর্যন্ত এতে কোনও পরিবর্তন আনা হয়নি। যদিও এশিয়া এনার্জি পরবর্তীতে খনিজ সম্পদ সংক্রান্ত একটি চুক্তি করতে চেয়েছিল।

বিভিন্ন সময়ে বলা হয়ে যে, খসড়া একটি কয়লা নীতি ছাড়া অন্য কোনও চুক্তি স্বাক্ষর করা সম্ভব নয়। এ ব্যাপারে জ্বালানি উপদেষ্টা জানান, খনিজ সম্পদ সংক্রান্ত বিষয়ে এশিয়ান এনার্জির প্রস্তাব ইতোমধ্যে বিশেষজ্ঞ কমিটির কাছে পাঠানো  হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যপক নূরুল ইসলাম বিশেষজ্ঞ কমিটির নেতৃত্ব দিচ্ছেন বলে তিনি জানান।

বর্তমান পরিস্থিতিতে প্রতিরোধ আন্দোলনের কোনও প্রয়োজন নেই বলে জ্বালানি উপদেষ্টা জানান। তিনি বলেন, উষ্কানিমূলক বক্তব্যের কারণে মর্মান্তিক ঘটনা ঘটেছে, জাতীয় স্বার্থের সাথে এর কোনও সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, ফুলবাড়ীতে এশিয়া এনার্জি কার্যালয়ে হামলার বিষয়টি কোনও সভ্য আচরণ নয়।

মাহমুদুর রহমান বলেন, প্রতিরোধকারীরা ফুলবাড়ীতে খনি বাস্তবায়নের কাজ বন্ধ করতে চেয়েছিল। সেখানে এশিয়া এনার্জির একটি কার্যালয় ছাড়া আর কিছু নেই।

তিনি আরও জানান, চুক্তি সম্পাদন তো দূরের কথা, সরকার এখনও কোম্পানিটির সাথে কোনও আলোচনাই শুরু করেনি।

কয়লা প্রকল্পের আরও উন্নয়নের আগে স্বত্ব, রপ্তানি এবং  অনুসন্ধান পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে আরও আলোচনা করতে হবে বলে তিনি জানান।

জ্বালানি উপদেষ্টা বলেন, আন্দোলনকারীরা কেন তীর - ধনুকসহ অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে এসেছিল সে প্রশ্নের উত্তর জানতে হবে।

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান ফুলবাড়ীর মর্মান্তিক ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না সে ব্যাপারে কিছু বলেননি।