বর্তমান সরকারের আমলে আর বিচার বিভাগ পৃথক হচ্ছে না
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণে সুপ্রীমকোর্টের বার দফা নির্দেশনা বর্তমান সরকারের আমলে আর বাস্তবায়িত হচ্ছে না।
সরকারের আবেদনের প্রেক্ষিতে রোববার প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চ এ মামলার শুনানি আগামী ১২ নভেম্বর পর্যন্ত মূলতবি করে দেন। আসছে অক্টোবরের মধ্যেই বর্তমান সরকারের বৈধ মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।
প্রায় ৭ বছর ধরে বিভিন্ন সরকার এ সংক্রান্ত মাজদার হোসেন মামলার রায় বাস্তবায়নের জন্য ২৫ দফা সময় পেলেও কোন সরকারই বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করেনি।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর বিচার বিভাগ পৃথক করার জন্য সরকারের প্রতি ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দিয়েছিল আপিল বিভাগ। এ রায় বাস্তবায়নের জন্য আদালত সরকারকে সময়ও বেঁধে দিয়েছিল।
বর্তমান বিএনপি জামায়াত জোট সরকারের নির্বাচনী ইশতেহারেও নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার অঙ্গীকার থাকলেও তা বাস্তবায়িত হয়নি। বরং এ রায় বাস্তবায়ন না করার জন্য সরকারের শীর্ষ আমলাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করতে হয়েছে সুপ্রিম কোর্টকে। আদালত অবমাননার সেই মামলা বিচারাধীন থাকা অবস্থায় গত ১২ জুন সরকার বিচার বিভাগ পৃথক সংক্রান্ত বিধিমালা জারি করে। ওই বিধিমালা ও রায়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ দাবি করে আদালতে আবেদনে করেন মামলার বাদী পক্ষ।
রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এ অসঙ্গতির বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরে ব্যারিস্টার আমীর-উল-ইসলাম বলেন, বিচার বিভাগ পৃথক করার জন্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তাতে বিচার বিভাগকে আরও বেশি নির্বাহী কর্তৃত্বের অধীনে আনা হয়েছে।
ব্যারিস্টার আমীর-উল ইসলাম দিনব্যাপী শুনানিতে আরও বলেন, নিু আদালতে কর্মরত ম্যাজিস্ট্রেটদের উপযুক্ত কর্তৃপক্ষের অধীনে রাখার কথা বলে মূলত সরকারের নিয়ন্ত্রণেই রাখা হয়েছে।
ব্যারিস্টার আমীরের শুনানির শেষ পর্যায়ে এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী সুপ্রিম কোর্টের অবকাশ শেষ হওয়া পর্যন্ত শুনানি মুলতবির আবেদন জানান। এর প্রতিবাদ করে ব্যারিস্টার আমীর বলেন, ওই সময়ে সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। তিনি সোমবার বিষয়টির ওপর পুনরায় শুনানির আবেদন জানান। কিন্তু আদালত ১২ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন।
এর প্রতিক্রিয়ায় ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, এ আদেশের ফলে বর্তমান সরকার তার মেয়াদকালে রায় বাস্তবায়ন থেকে অব্যাহতি দেয়া হল। এ সরকার মাজদার হোসেন মামলার রায় বাস্তবায়ন চায়না।
প্রতিক্রিয়ায় ড. কামাল হোসেন বলেছেন, বিএনপি জামায়াত জোট সরকারের কাছে থেকে কিছুই আশা করা যাচ্ছে না। এ সরকার বিচার বিভাগ পৃথক করতে চায়নি। তাই এ সংক্রান্ত রায় বাস্তবায়িত হয়নি।
