দিনাজপুরের ফুলবাড়িতে জনতার সঙ্গে র্যাব, বিডিআর ও পুলিশের সংঘর্ষ: নিহত ৫, আহত ৫০
দিনাজপুরের ফুলবাড়ি কয়লাখনি এলাকায় বিক্ষুব্ধ জনতার সঙ্গে র্যাব, বিডিআর ও পুলিশের সংঘর্ষে শনিবার বিকালে অন্তত: ৫ জন নিহত এবং অপর ৫০ জন আহত হয়।
প্রায় এক ঘন্টার সংঘর্ষে আইন -- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনতাকে ছত্রভঙ্গ করতে ৬০ -- ৭০ রাউন্ড বুলেট এবং ৪০ -- ৫০ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, ‘তেল -- গ্যাস -- বিদ্যুত ও বন্দর রক্ষা জাতীয় কমিটির’ ব্যানারে হাজার হাজার জনতার এক বিশাল সমাবেশ স্থানীয় এশিয়া এনার্জির কার্যালয় ঘেরাও করতে গেলে ছোট যমুনা নদীর সেতুর কাছে বিকাল সাড়ে ৩ টার দিকে ওই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
ঘটনার প্রতিবাদে ‘তেল -- গ্যাস -- বিদ্যুত ও বন্দর রক্ষা জাতীয় কমিটি’ ফুলবাড়িতে সকাল -- সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে একজনের নাম জানা গেছে। তার নাম -- তরিকুল ইসলাম (১৮), বাবা মোখলেসুর ইসলাম, বাড়ি চাঁচপাড়া গ্রামে।
আহতদের দিনাজপুর সদর হাসপাতাল ও ফুলবাড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জানা গেছে, গ্রেপ্তার এড়াতে অনেকেই হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন না। এছাড়া আহদের মধ্যে হাসপাতালে ভর্তি পাঁচজন পুলিশও রয়েছেন।
গত বছর থেকে ‘তেল -- গ্যাস -- বিদ্যুত ও বন্দর রক্ষা জাতীয় কমিটি’ ফুলবাড়ি থেকে কয়লা উত্তোলন করার প্রতিবাদ করে আসছে। এছাড়া পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমার নেতৃত্বোধীন আদিবাসী ফোরামও এশিয়া এনার্জির এই প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন করছে। তাদের ভাষ্যমতে, প্রকল্পটি বাস্তবায়ন করতে গেলে বিপুল সংখ্যক আদিবাসী উচ্ছেদ হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ফুলবাড়িয়া কয়লা খনি প্রকল্পে কর্মরত এশিয়া এনার্জি কর্পোরেশন (বাংলাদেশ) শনিবারই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, একটি বহিরাগত গোষ্ঠী কোম্পানী ও জনগণের মাঝে সমস্যা সৃষ্টি করছে।
এশিয়া এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারী লাই সংবাদ বিবৃতিতে বলেন, এশিয়া এনার্জি কর্পোরেশন (বাংলাদেশ) ফুলবাড়িয়া কয়লা খনিতে বাংলাদেশ সরকারের সাথে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বেশ কয়েক বছর ধরে কাজ করে আসছে। ফুলবাড়িয়া ও এর আশেপাশের উপজেলাগুলোতে কোম্পানীর প্রতি স্থানীয় জনগণের পূর্ণ সমর্থন রয়েছে।
বিবৃতিতে তিনি আরো বলেন, আমরা আশা করছি, ফুলবাড়িয়া কয়লাখনি প্রকল্পটি স্থানীয় ও বাংলাদেশী জনগণের জন্য সুদূর প্রসারী কল্যাণ বয়ে আনবে।
সিপিবি, জানাস (ইনু), ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফোডারেশন ঘটনার ওই হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছে।
