হাসান আজিজুল হককে হুমকির প্রতিবাদ অব্যহত
বিশিষ্ট কথাসাহিত্যিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক হাসান আজিজুল হককে হত্যার হুমকির প্রতিবাদ এখনো অব্যাহত আছে।
বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোট শনিবার সকালে ক্যাম্পাসে বিরাট প্রতিবাদ র্যালী বের করে। প্রতক্ষ্যদর্শীরা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে র্যালীটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।
সেখানে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক জোটের সভাপতি আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সায়েম।
সমাবেশে অধ্যাপক হাসান আজিজুল হককে হুমকিদাতা ছাত্র শিবির ক্যাডারদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শনিবার এক বিবৃতিতে অধ্যাপক হাসান আজিজুল হককে হত্যার হুমকি দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সভা -- সমাবেশ থেকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয় অধ্যাপককে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের বর্বরোচিত ঘটনার সাথে সরকারের সম্পৃক্ততার প্রমান ক্রমশ সুস্পষ্ট হচ্ছে।
