২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর মান্দায় ৪ পুলিশ ও এক যুবদল নেতাকে জবাই ও গুলি করে হত্যা করেছে চরমপন্থীরা, গুলিতে বিএনপি নেতাসহ আহত ৫০

নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া হাটে আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৬ টায় চরমপন্থী সর্বহারা দলের সদস্যরা মান্দা থানার চার পুলিশসহ পাঁচজনকে জবাই ও গুলি করে হত্যা করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2006, 10:02 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

এই ঘটনার সময় পুলিশ ও চরমপন্থীদের গুলি বিনিময়ে আহত হয়েছে ৫০ জন। আহতদের মধ্যে মান্দা থানা বিএনপির এক নেতাও রয়েছেন। তার অবস্থা আশংকাজনক। চরমপন্থীরা জবাই শেষে নিহত চার পুলিশের ৪ টি রাইফেল ও গুলি লুট করে নিয়ে যায়।

রাজশাহীর তানোরের কামারগাঁও ইউনিয়নের মালবান্ধা গ্রামের এক প্রত্যক্ষদর্শী জানান, আজ শুক্রবার ছিল চৌবাড়িয়া হাটের দিন। মান্দা থানা সদর থেকে ২০ কিলোমিটার ও রাজশাহীর তানোর থেকে ১৫ কিলোমিটার দুরে বিল এলাকায় অবস্থিত এই হাট উপলক্ষে মান্দা থানার দারোগা ফিরোজের নেতৃত্বে চার পুলিশ গরু হাটের কর্তব্য পালন করছিলেন। সন্ধ্যা আনুমানিক সোয়া ৬ টার দিকে লুঙ্গি পরা ও গায়ে চাদর জড়ানো ১০/১৫ জন অজ্ঞাত লোক পুলিশের আশ - পাশে ঘোরাঘুরি করছিল। হঠাৎ করে এরা পুলিশকে লক্ষ্য করে প্রথমে কয়েকটি বোমা নিক্ষেপ করে। এতে তাৎক্ষণিকভাবে একজন পুলিশ আহত হয় এবং বাকী তিন পুলিশ সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এদিকে সন্ত্রাসীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করতে থাকে। প্রায় ২৫ মিনিট ধরে গুলি বিনিময়ের পর বোমায় আহত হয়ে চার পুলিশই মাটিতে লু্িটয়ে পড়েন। এসময় সন্ত্রাসীরা শত শত মানুষের সামনে চার পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে।

নিহত চার পুলিশ হলেন মান্দা থানার দারোগা ফিরোজ হোসেন, পুলিশ কনষ্টেবল বাবুল ইসলাম, ফরিদুল ইসলাম ও আসকান আলি। এদিকে গুলিবিনিময়ের সময় গুরুতর আহত মান্দা থানা যুবদলের সাংগঠনিক স¤পাদক নদের আলিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মান্দা থানা বিএনপির সহ সভাপতি আব্দুর রহিমকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

বোমা ও গুলির ঘটনায় আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও তানোর স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী এক ভ্যান চালক জানান, চরমপন্থীরা অপারেশন শেষে পুলিশের চারটি অস্ত্র ও ১০০ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়। পরে তারা হাটের উত্তর দিকের রাজশাহী জেলার তানোরের মালাবান্ধা গ্রামের মধ্য দিয়ে উত্তর দিকের রাস্তা ধরে পুর্ববাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকার নামে শ্লোগান দিতে দিতে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার দিকে চলে যায়। চরমপন্থীরা ফাঁকা গুলিবর্ষণ করতে করতে হাট ত্যাগ করায় ভয়ে কেউ বাধা দিতে এগিয়ে আসেনি।

এদিকে এই মর্মান্তিক ঘটনার পরপরই পুরো হাট জনশূণ্য হয়ে পড়ে। আশপাশের গ্রামগুলোতে চরম আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজশাহীর তানোর থানার এসআই আব্দুল হামিদের নেতৃত্বে ১০ জন পুলিশ প্রথম ঘটনাস্থলে পৌঁছেন। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিপুল সংখ্যক পুলিশসহ ঘটনাস্থলে পৌছেন মান্দা থানার ওসি শহীদার রহমান। রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি নাইম আহমেদও রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মান্দা থানার ওসি শহীদার রহমান রহমান জানান, পরিকল্পিতভাবে চরমপন্থীরা পুলিশের উপর হামলা চালিয়ে তাদের খুন করেছে এবং অস্ত্র লুট করেছে। এই ঘটনার পরপরই পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বলে তিনি জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ত্রাসীদের কাউকেই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

রাজশাহীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে যোগাযোগ করা হলে কর্মকর্তারা এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডিসি ও এসপিসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সবাই ঘটনাস্থলে রয়েছেন।

রাজশাহীর ডিআইজি নাঈম আহমেদ সাংবাদিকদের জানান, হামলাকারীরা জবাই ও অস্ত্র লুট করে চলে যাওয়ার সময় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) নামে শ্লোগান দিতে দিতে এলাকা ত্যাগ করে। খুব শিগ্গিরই চরমপন্থীদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে বলে তিনি উল্লেখ করেন।