আরও ২টি দুর্নীতি মামলায় অব্যাহতি পেলেন এরশাদ
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ আরো দুটি দুর্নীতি মামলায় অব্যাহতি পেলেন।
বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মালিক আবদুল্লাহ আল আমিন জাহাজ ক্রয় এবং সিমিটার কোম্পানিকে হরিপুর তেল-ক্ষেত্র বরাদ্দ দেয়া সংক্রান্ত পৃথক দুটি দুর্নীতি মামলায় এরশাদকে অব্যাহতি দেন।
এদিকে বিচারক জাহাজ ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় বাকী চার অভিযুক্তের পক্ষে দাখিল করার অব্যাহতি আবেদন নাকচ করে দিয়ে জাহাজ ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় ১৮ সেপ্টেম্বর চার্জ গঠনের আদেশের জন্য দিন ধার্য করেন। আর সিমিটার চুক্তির মামলায় এরশাদের জ্বালানী মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর অব্যাহতি আবেদন নামঞ্জুর করে আসামি ২০ সেপ্টেম্বর তার বিরুদ্ধে চার্জ বা অভিযোগ গঠনের জন্য আদেশের দিন ধার্য করেছেন। এরশাদকে অব্যাহতির আদেশে বলা হয়েছে, এরশাদের বিরুদ্ধে মামলার প্রাথমিক উপাদান পাওয়া যায়নি বলে তাকে অব্যাহতি দেয়া গেল।
জাহাজ ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় বলা হয়, এরশাদ ভিনটেজ ইন্টারন্যাশনালের সহযোগিতায় অসৎ উদ্দেশ্যে প্রকৃত তথ্য গোপন করে পাকিস্তান থেকে দুটি জাহাজ ক্রয় করে সরকারের ২৯ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার টাকার ক্ষতিসাধন করেছেন।
মামলায় বলা হয়, এরশাদ রাষ্ট্রপতি হিসাবে শহীদুল ইসলামকে দুর্নীতিতে সাহায্য করেন। এ মামলায় এইচ এম এরশাদ, শেখ শহীদুল ইসলাম, ভিনটেজ ইন্টান্যাশনালের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) এম আই করিম, তারিক আজিজ আবুল কাশেমকে অভিযুক্ত করে চার্জশীট দেয় দুর্নীতি দমন ব্যুরো।
এদিকে আন্তর্জাতিক দরপত্র আহ্বান না করে হরিপুর তেল - ক্ষেত্র সিমিটার কোম্পানীকে বরাদ্দ দেয়ার দুর্নীতি মামলায় এরশাদ ও তৎকালীন জ্বালানী মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে চার্জশীট দেয় দুর্নীতি দমন ব্যুরো।
সিমিটার চুক্তি সংক্রান্ত দুর্নীতি মামলায় আনোয়ার হোসেন মঞ্জুর আইনজীবীরা আদালতে বলেন, ‘ঐ চুক্তিতে রাষ্ট্রের কোন আর্থিক ক্ষতি হয়নি। ড. কামাল হোসেনের নেতৃত্বে হরিপুর তেলক্ষেত্র ইজারা চুক্তির বিষয়ে যে গণতদন্ত কমিশন গঠিত হয়েছিল তার আইনগত কোন ভিত্তি নেই। অথচ এই কমিশনের রিপোর্টের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত ১৯৯০ সালের ডিসেম্বরে গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর এরশাদের বিরুদ্ধে দুর্নীতি, সোনা চোরাচালান ও অবৈধ ক্ষমতা দখলের অভিযোগে কমপক্ষে ২০টি মামলা হয়। এর মধ্যে গত ১৭ আগস্টে আয়কর ফাঁকি সংক্রান্ত দুর্নীতির মামলায় খালাস এবং বৃহস্পতিবারের দুই মামলায় অব্যাহতি নিয়ে মোট নয়টি মামলার দায় থেকে তিনি মুক্তি পেলেন।
এরশাদ সাংবাদিকদের বলেন, কোন প্রকার প্রভাব বিস্তার করা না হলে সামনের দিনগুলোতে সবগুলো মামলায়ই তিনি খালাস পাবেন।
২৭ আগস্ট এরশাদের বিরুদ্ধে দায়ের করা রাজউকের প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতি মামলায় রায় ঘোষণার জন্য তারিখ ধার্য আছে। বৃহস্পতিবার এম আই করিম ছাড়া আদালতে সবাই উপস্থিত ছিলেন।
এদিকে ওইদিনই এরশাদের বিরুদ্ধে সোনা চোরাচালান মামলায় প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
