২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল সিম বা রিম কার্ডের ওপর ১৬শ ২৮ টাকা ট্যারিফ মূল্য নির্ধারণকে অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট

মোবাইল সিম বা রিম কার্ডের ওপর ১৬শ ২৮ টাকা ট্যারিফ মূল্য নির্ধারণকে অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2006, 07:03 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বৃহস্পতিবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি একে এম আসাদুজ্জামানকে নিয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিশিষ্ট টেলিযোগাযোগ বিশেষজ্ঞ আবু সাঈদ খানের দায়ের করা জনস্বার্থ মামলায় ওপর পূর্ণাঙ্গ শুনানির পর এই রায় দেন। 

২০০৫ সালের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড ওই বছরের ৯ জুন গেজেট প্রকাশ করে  সিমকার্ডের ট্যারিফ মূল্য ২১ শ ৭২ টাকা নির্ধারণ করেছিল।

সিমকার্ডের ওপর ১২শ টাকা শুল্ক ও সম্পুরক শুল্ক আরোপের প্রস্তাবের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৫ সালের ২৫ জুন রিট আবেদনকারী জনস্বার্থে মামলা দায়ের করেন। সেখানে ২১ শে ৭২ টাকা সিমকার্ডের মূল্য নির্ধারণের যৌক্তিকতা জানতে চাওয়া হয়। ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালত সিমকার্ডের ওই মূল্য নির্ধারণ অবৈধ ঘোষণা করা হবে না কেন তার ব্যাখ্যা চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে রুল জারি করেন।

পরে ওই বছরের ৩০ জুন জাতীয় রাজস্ব বোর্ড সিমকার্ডের ওপর শুল্ক ১২ শ টাকা থেকে কমিয়ে ৯শ টাকা করে এর ট্যারিফ মূল্য ১৬শ ২৮ টাকা নির্ধারণ করে।

রিটকারীর পক্ষে উপস্থাপিত যুক্তিতে বলা হয়, আইন অনুযায়ী জাতীয় ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যের ট্যারিফ মূল্য নির্ধারণ করতে হবে। আন্তর্জাতিক বাজারে সিমকার্ডের মূল্য যেখানে ২ থেকে ৪ মার্কিন ডলার (১২ টাকা থেকে ২৪০ টাকা)  সেখানে  সিমকার্ডের মূল্য ২১শ ৭২ টাকা ও পরে ১৬ শ ২৮ টাকা নির্ধারণ করা বেআইনী।

এই যুক্তি খন্ডন করে এনবিআর এর পক্ষে ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেন, মোবাইল সিম কার্ড একটি সেবা, এটি পণ্য নয়। একারণে জনস্বার্থে এনবিআর সিমকার্ডের এই ট্যারিফ মূল্য নির্ধারণ করেছে।

আদালত রায়ে বলেছে, সিমকার্ডের ওপর মূল্য নির্ধারণ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন - মো. আসাদুজ্জামান ও ব্যারিষ্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিন।