২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে তথ্য অধিকার আইন বাস্তবায়নের অঙ্গীকার থাকতে হবে; মতবিনিময় সভায় বক্তারা

গণতন্ত্র শক্তিশালীকরণ, দরিদ্র জনগোষ্ঠীকে তাদের াধিকার সম্পর্কে জানানো এবং প্রশাসনে স্বচ্ছতা সৃষ্টির ক্ষেত্রে তথ্য অধিকার আইন বলিষ্ঠ ভূমিকা রাখবে। কাজেই আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে এই আইন বাস্তবায়নের অঙ্গীকার থাকতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 07:14 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বুধবার ব্র্যাক সেন্টার ইন এ মানুষের জন্য আয়োজিত তথ্য অধিকার আইন (খসড়া) শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন।

অর্থনীতিবিদ ড. আতিউর রহমানের সঞ্চালনে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. আসিফ নজরুল, ব্যারিস্টার তানজীব উল আলম, শাহীন আনাম প্রমুখ।

বাংলাদেশ সরকারের আইন কমিশন প্রণীত তথ্য অধিকার আইন ২০০২ এর কার্যপত্রের ওপর ভিত্তি করে মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত ল কোর গ্র“প এর তৈরি করা খসড়া আইনটি উপস্থাপন করেন ব্যারিস্টার তানজীব উল আলম। 

প্রস্তাবিত আইনে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে ৬টি অধ্যায় এবং ২৮টি সেকশন রাখা হয়েছে।

আইনের খসড়ায় বলা হয়েছে, জনগণ চাইলে যে কোনো তথ্য জানাতে বাধ্য থাকবে সরকার। তবে সরকার রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে কিছু কিছু ক্ষেত্রে সেটা বিবেচনা করে দেখতে পারে। তথ্য জানানোর জন্য প্রতিটি উপজেলায় তথ্য কর্মকর্তা নিয়োগ করতে হবে। কেউ তথ্য জানাতে ব্যর্থ হলে তাকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে।

খসড়ায় আরও বলা হয়েছে, এ জন্য একটি কমিশন গঠন করা হবে। কমিশনের চিফ কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়োগের জন্য একটি কমিটি থাকবে। হাইকোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি, পিএসসি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দেবেন।

প্রস্তাবিত খসড়া আইনের মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, দৈনিক ভোরের কাগজের নির্বাহী সম্পাদক সুকান্ত গুপ্ত , অ্যাসোসিয়েট প্রেসের ফরিদ উদ্দিন, দৈনিক প্রথম আলোর সহকারি সম্পাদক সুমনা শারমিন, এমএমসির ফরিদুল আলম প্রমুখ।

মুক্ত আলোচনায় বক্তারা যত দ্রুত সম্ভব একটি যুগোপযোগী তথ্য অধিকার আইন পাশের প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরেন।