২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুপুরে বনরক্ষীদের গুলিতে আদিবাসী মহিলা গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ

মধুপুর বনাঞ্চলে কাঠ কুড়াতে আসা গৃহবধুর ওপর বনরক্ষীদের গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে আদিবাসীদের সাতটি সংগঠন মঙ্গলবার মধুপুর - ময়মনসিংহ সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2006, 05:13 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

এ সময়  এক সমাবেশে বক্তারা বনরক্ষীদের বন সন্ত্রাসী হিসেবে অভিহিত করে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

মধুপুর - ময়মনসিংহ সড়কের টেলকিতে আদিবাসী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশের কারণে সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে মধুপুরের ইউএনও মঈন উদ্দিন আহমেদ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।  

এ ছাড়া সমাবেশে বুধবার থেকে প্রতিদিন বনের ১৫টি পয়েন্টে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় ঘোষিত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন এবং শুক্রবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও সমাবেশ।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেসবাহ কামাল, ফাদার জোসেফ গোমেজ, সঞ্জীব দ্রং, বাধন আড়েং, অঞ্জন ম্রং, মৃণাল সাংমা, শান্তি নকরেক প্রমুখ।

জানা গেছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত সিলসিয়া স্লানের (২৫) অবস্থার আরো অবনতি হয়েছে।

সোমবার সকালে রসুলপুর রেঞ্জ এলাকার সাতারিয়া গ্রামের সিলসিয়া স্লানসহ আরো কয়েকজন আদিবাসী মহিলা কাঠ কুড়ানোর সময় বনরক্ষীরা গুলিবর্ষণ করে।