বিমানের কর্মচারি ২৩ কোটি টাকা নিয়ে উধাও, এমডি ঘেরাও
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মচারি ভূয়া চালানপত্রের মাধ্যমে ২৩ কোটি টাকা লোপট করে বিদেশে পাড়ি দিয়েছে।
ঘটনা জানাজানি হলে কুর্মিটোলায় বিমান সদর দপ্তর বলাকায় ব্যাপক হাঙ্গামা হয়। এক পর্যায়ে বিমান এর কর্মকর্তা - কর্মচারিরা মঙ্গলবার ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) ঘেরাও করে।
বিমান সূত্র জানায়, সংস্থার অর্থ বিভাগের কর্মচারি হারুনুর রশিদ কয়েকবছর ধরে ভূয়া চালানপত্রের মাধ্যমে বিভিন্ন সময় প্রায় ২৩ কোটি টাকা তোলে। এ সব টাকার কোনো হিসাব এখন আর পাওয়া যায় না। বিষয়টি সম্প্রতি ফাঁস হলে ধরা পড়ার আগেই হারুন দেশ ছেড়ে পালায়।
ঘটনার প্রতিবাদে বিমান এমপ্লয়িজ ইউনিয়ন মঙ্গলবার সকালে প্রায় আধঘন্টার জন্য সংস্থার এমডি ড. এমএ মোমেনকে ঘেরাও করে এবং বিভিন্ন শ্লোগান দেয়। একই সঙ্গে তারা চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালনার ভার থাই এয়ারের কাছে হস্তান্তর করারও প্রতিবাদ জানায়।
