চাঁপাইনবাবগঞ্জে দুই - তৃতীয়াংশ সময় বিদ্যুত থাকে না, গ্রাহকরা বিপাকে
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুত সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এতে চরমভাবে সেচ কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ভোগ পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদের।
সবচেয়ে বেশি বিপর্যয়ের মধ্যে রয়েছে পল্লী বিদ্যুত গ্রাহকরা। সেচ কাজে বিদ্যুত সরবরাহের জন্য তাদের গড়ে দুই তৃতীয়াংশ সময় থাকতে হচ্ছে বিদ্যুতহীন।
চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির (আরইবি) ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুস সামাদ জানান, ৫টি সাব ষ্টেশনে পল্লী বিদ্যুতের আওতাধীন জেলার বিস্তীর্ণ এলাকায় পল্লী বিদ্যুতের চাহিদা ১৮/১৯ মেগাওয়াট। সেই জায়গায় পাওয়া যায় মাত্র ৫/৬ মেগাওয়াট। কোন কোন দিন মাত্র চার মেগাওয়াট পাওয়া যায়।
তিনি বলেন, জানুয়ারী থেকে মে মাস পর্যন্ত সেচ কাজের জন্য বিশেষ বিদ্যুত বরাদ্দ থাকলেও এখন তা পাওয়া যাচ্ছে না। অথচ অনাবৃষ্টির কারণে জমিতে সেচ প্রদানের জন্য জেলার বিপুল পরিমাণ গভীর নলকুপ বিদ্যুতের ওপর নির্ভর করছে। ফলে এলাকা ভেদে আবাসিক গ্রাহকরা বিদ্যুত পাচ্ছে ৫ থেকে ১২ ঘন্টা করে।
এ প্রসঙ্গে বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবাসিক প্রকৌশলী (নির্বাহী) মাহফুজুর রহমানকে জিজ্ঞ্যেস করা হলে তিনি জানান, জেলায় বিদ্যুতের মোট চাহিদা হচ্ছে দিনের বেলায় ৪০/৪৫ মেগাওয়াট এবং রাতে ৩৫ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ হচ্ছে দিনে ১২/১৩ মেগাওয়াট এবং রাতে ২০/২২ মেগাওয়াট। ফলে এ বিপর্যয় দেখা দিয়েছে।
তিনি আরো জানান, এমনিতেই বিদ্যুত সরবরাহে বড় ধরনের ঘাটতি রয়েছে, তার ওপর অনাবৃষ্টির কারণে সেচে অতিরিক্ত বিদ্যুত প্রদানের জন্য লোডশেডিং এর পরিমাণ বেড়েছে।
তিনি জানান, সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রাপ্ত বিদ্যুতের ৪৫ শতাংশ এবং সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত প্রাপ্ত বিদ্যুতের ৫৭ শতাংশ পিডিবি গ্রাহকদের এবং অবশিষ্ট ৫৫ ও ৪৩ শতাংশ বিদ্যুত সরবরাহ করা হয় পল্লী বিদ্যুতের গ্রাহকদের। পিডিবি, পল্লী বিদ্যুৎ সমিতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) যৌথ সভায় বন্টনের এ সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে বিদ্যুত পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে পিডিবি, আরইবি ও বিএমডিএর এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় তিন বিভাগের কর্মকর্তারা অতিরিক্ত বিদ্যুত চাহিদার বিষয়টি উত্থাপন করেন। জেলা প্রশাসক অতিরিক্ত বিদ্যুত চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানাবেন বলে তাদেরকে জানিয়েছেন।
ডিজিএম জানান, চলমান এ বিদ্যুত সংকট সম্পর্কে পল্লী বিদ্যুত গ্রাহকদের নিয়ে বিভিন্ন উপজেলা পর্যায়ে ‘অবহিতকরণ সভা’ করা হচ্ছে। এ সভার মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যুতের সার্বিক অবস্থা সম্পর্কে জনগনকে বুঝানো।
