লালমনিরহাটে তুচ্ছ ঘটনার জের ধরে পিতার হাতে পুত্র খুন
লালমনিরহাট জেলায় পিতার নির্মম প্রহারে পুত্র আব্দুল মান্নান (২১) নিহত হয়েছে। জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, পিতা সোবাহান (৪৮) সোমবার রাতে বাড়ি ফিরে দুই কেজি চাল চুরির সন্দেহে স্ত্রী এবং পুত্র আব্দুল মান্নানকে (২১) গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে পুত্র মান্নান এর প্রতিবাদ করলে পিতা ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে মান্নানকে আঘাত করে। এ সময় মান্নান জ্ঞান হারিয়ে ফেললে তার মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে এবং পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মান্নানকে মৃত বলে ঘোষণা করেন।
ছেলের মৃত্যুর পর পিতা ভয় পেয়ে ভারতে পালিয়ে যাবার চেষ্টা করলে আত্মীয় - স্বজন তাকে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে আসে। এরপর আবার তিনি পালিয়ে ভারতে চলে গেছেন বলে জানা গেছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
