প্রশাসনের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পর্যায়ে ব্যাপক রদবদল
প্রশাসনের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পর্যায়ে সোমবার বেশকিছু রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব রদবদল করা হয়।
এর মধ্যে নিপোর্টের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) দেলোয়ার হোসেনকে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএফএম মতিয়ুর রহমানকে নিপোর্টের মহাপরিচালক পদে বদলী করা হয়েছে।
যুগ্ম সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম শমসের জাকারিয়া ভূঁইয়াকে পিডিবির সদস্য, নোয়াখালীর জেলা প্রশাসক গাজী মিজানুর রহমানকে রাজউকের সদস্য, নওগাঁর জেলা প্রশাসক গোলাম মর্তুজাকে ভূমি আপীল বোর্ডের সদস্য, লালমনিরহাটের জেলা প্রশাসক মো. ফজলুল হককে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ও মৌলভীবাজারের জেলা প্রশাসককে আদর্শ গ্রাম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক হিসেবে বদলী করা হয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশতাকউদ্দিন আহমেদকে বিনিয়োগ বোর্ডের সদস্য এবং ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেনের আগের বদলী আদেশ পরিবর্তন করে রপ্তানী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক নিয়োগ করা হয়েছে।
ঢাকার অতিরিক্ত কমিশনার ড. জাফর আহমেদ খানকে বিপিএটিসির সদস্য, ওএসডি যুগ্ম সচিব এওয়াইএম গোলাম কিবরিয়াকে রাজউকের সদস্য, ওএসডি যুগ্ম সচিব মাহবুবুল আলমকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য পদে, ওএসডি যুগ্ম সচিব প্রকাশ চন্দ্র দাসকে ভূমি আপীল বোর্ডের সদস্য, ওএসডি যুগ্ম সচিব সৈয়দ আবু রায়হানকে বিজেএমসির পরিচালক, ওএসডি যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুজ্জামানকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক, আল নাহিয়ান ট্রাস্টের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) ড. আব্দুস সবুরকে মন্ত্রিপরিষদ বিভাগে, ওএসডি যুগ্ম সচিব আতাউল হক মোল্লাকে ভূমি মন্ত্রণালয়ে, ওএসডি যুগ্ম সচিব শেখ আব্দুল গাফফারকে তথ্য মন্ত্রণালয়ে, ওএসডি যুগ্ম সচিব মোহাম্মদ শাহাবউদ্দিনকে সংসদ সচিবালয়ে, ওএসডি যুগ্ম সচিব তাজুল ইসলাম চৌধুরীকে যোগাযোগ মন্ত্রণালয়ে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মেসবাহউদ্দিনকে তার আগের বদলীয় আদেশ বাতিল করে যোগাযোগ মন্ত্রণালয়ে এবং যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবু জাফরকে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।
এছাড়াও বেপজার সদস্য প্রকৌশল আবু রেজা খানকে বিনিয়োগ বোর্ডের সদস্য করা হয়েছে।
