ঝিনাইদহে টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ ও সংবাদ সম্মেলন
বাংলাদেশ টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক--কর্মচারী ফোরাম, খুলনা বিভাগীয় শাখা ঝিনাইদহে সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেকনিক্যাল স্কুল ও কলেজ (বিটিএসসি) সমাপ্ত প্রকল্পের জনবলসহ ১ হাজার ৮শ’ ৯৯ টি পদ রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে খুলনা বিভাগের ১০ টি জেলার টেকনিকাল স্কুল ও কলেজের শতাধিক শিক্ষক--কর্মচারী উপস্থিত ছিলেন।
এর আগে শিক্ষক--কর্মচারীদের একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কুষ্টিয়া বিটিএসসির অধ্যক্ষ রেজাউল হক। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঝিনাইদহ বিটিএসসির অধ্যক্ষ মাহবুব হায়দার, সাতক্ষীরা বিটিএসসির অধ্যক্ষ ফয়জুল বারী এবং মাগুড়া বিটিএসসির অধ্যক্ষ খলিলুর রহমান।
আন্দোলনকারীরা সংস্থাপন মন্ত্রণালয়ের ২০০৫ সালের বিধিমালা ও অর্থ মন্ত্রণালয়ের ০৩-০৭-৯৭ তারিখের পরিপত্রের জটিলতা নিরসন এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের সমাপ্ত প্রকল্পের জনবলসহ ১ হাজার ৮শ’ ৯৯ টি পদ রাজস্ব খাতে স্থানান্তরের জোর দাবী জানান।
