কুমিল্লায় ১৫ লাখ টাকার চোরাচালান পণ্য আটক
বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) ৩৩ ব্যাটালিয়ন জোয়ানরা শুক্রবার কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা মূল্যমানের আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল, ওষুধ ও শাড়িকাপড় আটক করেছে।
বিডিআর সূত্র দাবি করে, গোপন সংবাদের ভিত্তিতে বিডিআর বোয়ারা বাজার সীমান্ত ফাঁড়ির একটি দল জেলার কোতয়ালী থানার ঘিলাতলা গ্রাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িকাপড় আটক করে। যার আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ ৬৬ হাজার ৬ শত টাকা।
এর আগে বিডিআর সঙ্কুচাইল সীমান্ত ফাঁড়ির অপর একটি বিশেষ দল হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে পাঁচশ ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য প্রায় ৫৯ হাজার ৮শত টাকা।
বিডিআরের একটি বিশেষ টহল দল জেলার কোতয়ালী থানার চাঁদপুর সেতু থেকে ৭৩ হাজার ৬শত টাকা দামের তিনটি কার্টনে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ধরনের ভারতীয় মূল্যবান ওষুধ আটক করে।
আটক করা চোরাই পণ্য কুমিল্লা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কুমিল্লা কাস্টমসে জমা করা হয়েছে।
