বরিশালে নিষিদ্ধ সংগঠনের প্রচারপত্র ও বই বিলির সময় ৪ জন গেফতার
নিষিদ্ধঘোষিত ইসলামি সংগঠন হিযবুত তাওহীদের প্রচারপত্র এবং বই বিলি করার সময় পুলিশ বরিশালে সংগঠনের চার সদস্যকে গ্রেফতার করেছে।
জেলার বানারীপাড়া উপজেলা সদর থেকে পুলিশ শুক্রবার জুমার নামাজ শেষে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন মো. মোতালেব হাওলাদার (৬০), আবুল কাসেম সিকদার (৩০), মাসুদ হাওলাদার (২৬) এবং আবু হাসান হাওলাদার। এদের সবার বাড়ি উজিরপুরে। গ্রেপ্তারকৃতদের ৫৪ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদের মধ্যে আবু হাসান হাওলাদারকে গত বছরের ১৭ আগস্টের সিরিজ বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঝালকাঠি পুলিশ গ্রেফতার করেছিল। দীর্ঘদিন জেল খাটার পর জামিনে মুক্তি পেয়ে আবু হাসান পুনরায় জঙ্গি সংগঠন হিযবুত তাওহীদে যোগদান করে।
বানারীপাড়া থানার এস আই আফসার জানান, গ্রেপ্তারকৃতদের কাছে থেকে ইসলামী রূপরেখা নামের আটটি বইসহ অনেক লিফলেট উদ্ধার করা হয়েছে।
